তুরস্কের স্থানীয় নির্বাচনে একে পার্টির বিজয় দাবি

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২১:১৪
তুরস্কের স্থানীয় নির্বাচনে নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিজয় দাবি করে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান শত্রুদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার দিয়েছেন। এ জয়কে বিরোধীদের ‘অনৈতিক ও উদ্দেশ্যহীন রাজনীতির’ ফল বলেও উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, রবিবার অনুষ্ঠিত নির্বাচনের ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মোট ভোটের মধ্যে একেপি পেয়েছে ৪৭ শতাংশ, সিএইচপি (রিপাবলিকান পিপলস পার্টি) ২৮.৫ শতাংশ ও এমএইচপি (ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি) পেয়েছে ১৩ শতাংশ। নির্বাচনের ফলাফলের পর সোমবার সকালে দেশটির রাজধানী আঙ্কারায় একেপি সমর্থকরা একটি র্যালি বের করেন। আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরে দেয়া ভাষণে এরদোয়ান তার সমর্থকদের ধন্যবাদ জানান। প্রতিপক্ষকে তিনি শক্র হিসেবে আখ্যায়িত করে বলেন, তাদের মূল্য দিতে হবে। বিচারের আওতায় আনা হবে। এরদোয়ান এ জয়কে ‘গণতন্ত্র ও স্বাধীন ইচ্ছা’র বিজয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মিথ্যা রেকর্ড প্রচারের রাজনীতি হেরে গেছে। অনৈতিক ও উদ্দেশ্যহীন রাজনীতি হেরে গেছে।’ গত ১২ বছরের মধ্যে এবারের নির্বাচনেই প্রথমবারের মতো এরদোয়ানের দল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে।