আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে বানচাল করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি। এ কারণে সরকারের সঙ্গে আলোচনার জন্য এখন তাদের বিদেশিদের কাছে ধরনা দিতে হচ্ছে। সোমবার সেগুনবাগিচাস্থ খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি জিয়াউর রহমানকে দেশের তথাকথিত প্রথম রাষ্ট্রপতি হিসাবে উল্লেখ করায় তাদের চরিত্র জনগণের সামনে উন্মোচিত হয়েছে। বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হারুন চৌধুরী, মীর হোসেন আকতার, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।
