অবিলম্বে তাজরীনের নিহত ১১৫ ও আহত দেড় শতাধিক শ্রমিকের ক্ষতিপূরণ ও গার্মেন্টস শিল্পকে নিরাপদ কর্মস্থলের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দরা এ দাবি জানান। মানববন্ধনে তাজরীনে নিহতদের পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্ত শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের ‘লস অব আর্নিং’ এর ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণের সিংহভাগ ব্যয় বহন করবে ১৪টি বায়ার ও বাকী ব্যয় বহন করবে সরকার ও বিজিএমইএ।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফা আক্তার, ভাইস-প্রেসিডেন্ট নুরুন নাহার, ইন্ডাষ্ট্রি অল এর পক্ষে বক্তব্য রাখেন মো. ফারুক খান, তাজরীনে আহত শ্রমিক জরিনা ও নাসিমা খাতুন।
মানববন্ধনে বক্তারা বলেছেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহত ১১৫ জন এবং আহত দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।
