ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সমীপে

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২১:৪৫
আমরা দক্ষিণ বাসাবোর প্রথম লেনের বাসিন্দা (সবুজবাগ থানার পেছনে)। এ লেনটি দৈর্ঘে ৪০৫ ফিটের মতো হবে। এলাকাটি ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) ৪ নম্বর ওয়ার্ডভুক্ত হলেও এলাকার বাসিন্দারা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। লেনটি বহু বছর আগে একবার সংস্কার করা হয়েছিল তাও অন্তত ৩০ বছরের কম হবে না। যাই হোক, দৈনিক ইত্তেফাকে কিছুদিন আগে এই সড়কটির ওপর একটি প্রতিবেদন ছাপা হলে গলির ড্রেনের সংস্কার কাজে হাত দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় যে, নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে সংস্কার কাজে। দ্বিতীয়ত শোনা যাচ্ছে যে, টেন্ডার হয়েছে আন্ডার গ্রাউন্ড ড্রেনের জন্য। তারপর আরো জানা গেলো যে ড্রেনের ওপর নাকি স্লাব দেওয়া হবে না। কিন্তু গলি হলো মাত্র ১২ ফুটের মতো। তাই স্লাব দেওয়া অত্যন্ত জরুরি। যদি আন্ডার গ্রাউন্ড ড্রেন না করা হয় তাহলে স্লাব দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে, দয়া করে সরেজমিনে তদন্ত করে লেনটির সংস্কার করে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব করুন। মোশতাক আহমদ, ১০৬ দক্ষিণ, বাসাবো, ঢাকা ১২১৪