মাদকের কালো থাবা এবার গ্রাস করেছে বরিশালের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কতিপয় শিক্ষার্থীকে। বরিশাল সরকারি জিলা স্কুল ও মডেল স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষার্থী এখন মাদকের ভয়াবহ ছোবলে অক্রান্ত। এক শ্রেণির দালাল এই দুটি স্কুলের ছাত্রদের হাতে তুলে দিচ্ছে গাঁজা ও ফেন্সিডিলসহ নানা মাদকদ্রব্য।
মাদকসেবী স্কুলছাত্রদের কাছে মাদকসেবনের জন্য নিরাপদ স্থানগুলো হচ্ছে কেডিসি বালুর মাঠ ও তত্সংলগ্ন নদীর পাড়, স্টেডিয়াম ও ত্রিশ গোডাউন এলাকা। নগরীর কেডিসি এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, তাঁরাও স্কুলছাত্রদের মাদকসেবনের দৃশ্য চোখে দেখছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষীয় উদাসীনতার কারণে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এই মাদকসেবন ও নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে হলে অভিভাবকদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা স্কুলে ঠিকমতো সব ক্লাসে অংশ নেয়, না ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় সে বিষয়ে অভিভাবকদের চোখ-কান খোলা রাখতে হবে। নচেত্ তাদের সঠিক পথে ফিরিয়ে আনা অনেকটাই দুরূহ হয়ে পড়বে।
জনৈক শিক্ষার্থী
