হোমনায় খোলা আকাশের নিচে চলছে স্কুলের পাঠদান

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:০৪
হোমনা উপজেলার বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর যাবত্ খোলা আকাশের নিচে চলছে পাঠদান। জানা গেছে, স্কুলের একমাত্র জরাজীর্ণ ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ায় প্রশাসন সেটিকে দুই বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর স্কুলে নতুন কোন ভবন ও ঘর তৈরি না হওয়ায় খোলা আকাশের নিচেই চলে আসছে স্কুলের সকল কার্যক্রম। বর্তমানে স্কুলটিতে ২৪৫ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রয়েছেন। শ্রেণীকক্ষ ও প্রয়োজনীয় সংখ্যক চেয়ার-টেবিল না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ঐ ভবনের বারান্দার ফ্লোরে ও খোলা আকাশের নিচে কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠদান করছেন শিক্ষকরা। এতে করে আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি দিতে হয়, কখনো হঠাত্ বৃষ্টি নেমে গেলে শিক্ষক-শিক্ষার্থীদেরকে পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নিতে হয়। প্রধান শিক্ষক সোহেল পারভীন জানান, স্কুলের এসব সমস্যা স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। টিইও এএনএম মাহবুব আলম জানান, স্কুলটি আগে রেজিঃ বেসরকারি থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন সরকারি হয়েছে, জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়া হবে।