নাটোরের লালপুর উপজেলার ধুপইল পয়তার পাড়া গ্রামে আড়াইবিঘা জমির লকনা ও আম্রপালী জাতের মোট ৭২টি আম ও ৩০টি মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানান, পয়তার পাড়া গ্রামের তিন সহোদর ভাই আলহাজ্ব আঃ লতিফের একবিঘা জমির ২৭টি, এমদাদুল হকের ১৫ কাঠা জমির ৩০টি এবং শাহাবুলের ১৫ কাঠা জমির ১৫টি আম এবং বাগানের চারপাশ দিয়ে লাগানো ৩০টি মেহগনি গাছ রবিবার রাতের অন্ধকারে কে বা কারা কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত এমদাদুল হক বাদী হয়ে এ ঘটনার জন্য প্রতিবেশী মৃত নইরদ্দিনের ছেলে সিদ্দিক ও দুলালকে দায়ী করে থানায় মামলা দায়ের করেছেন। লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
