গ্রেফতার আতংকে পুরুষ শূন্য রাঙ্গুনিয়ার বনগ্রাম

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:০৯
উপজেলা নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই মামলায় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রামবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। অজ্ঞাতনামা আসামি ধরতে এলোপাতাড়ি ধরপাকড় এবং পুলিশের কাছে এক শ্রেণির লোকের উদ্দেশ্যমূলক তালিকা প্রেরণের খবরে এলাকার মানুষের মধ্যে চরম ভয়ভীতি দেখা দিয়েছে। তদুপরি ঘর-বাড়িতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সন্ত্রাসী হামলার ঘটনায় ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অনেকে। গ্রেফতারের ভয়ে প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। গত ২৩ মার্চ অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই ও পুড়ে দেয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে আবুল মনসুর নামের একজনের পরিচয় এবং ৪০/৫০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয় রাঙ্গুনিয়া থানায়। মামলার আসামি গ্রেফতারে পুলিশী অভিযান শুরু হয় গ্রামে। আসামি গ্রেফতার করতে প্রায় প্রতি রাতে চলছে পুলিশী অভিযান।