দুর্দমনীয় বায়ার্নের সামনে আজ ইউনাইটেড

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:২৫
বুন্দেসলিগার ২৮তম রাউন্ড শেষে বায়ার্ন মিউনিখের গোলসংখ্যা ৮২। অর্থাত্ ম্যাচ প্রতি প্রায় তিন গোল! শীতকালীন ছুটির পর গতবার লিগ ম্যাচে গোলসংখ্যা ৪০! আর যে কোন প্রতিযোগিতা মিলে সর্বশেষ দশ ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৩১ বার! সাত ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করা ব্যাভারিয়ানদের দুর্দান্ত ফর্ম বোঝাতে বোধহয় এই তথ্যগুলোই যথেষ্ট। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলটির সামনে আজ এমনই এক দল যারা তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে। প্রতিপক্ষকে নয় গোল দেয়ার পাশাপাশি হজমও করতে হয়েছে সাতটি গোল। সামপ্রতিক ফর্মের এই দুস্তর ব্যবধান মেনে নিয়েই আজ রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হচ্ছে বায়ার্নের। অন্যদিকে, রাতের অন্য ম্যাচে নূ ক্যাম্পে বার্সেলোনা খেলবে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদের। গত বছরের ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-২ গোলে হারের পর বায়ার্ন অপরাজিত সর্বশেষ ২১ ম্যাচ ধরে। শুধু অপরাজিত থাকার এই রেকর্ড নয়, এ মৌসুমে বায়ার্ন বেশি করে নজর কাড়ছে তাদের দারুণ আক্রমণাত্মক মানসিকতার জন্যও। মৌসুম জুড়ে যে কোন প্রতিযোগিতায় বায়ার্নের সামনে বলতে গেলে পাত্তাই পায়নি কেউ। শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালের সাথে জয়ের পর আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় ম্যাচে সফরকারিদের সাথে ড্র করে পেপ গার্দিওলার দল। এরপর বুন্দেসলিগায় সর্বশেষ ম্যাচে হফেনহেইমের সাথে ৩-৩ গোলে ড্র। এই দুটি ড্র বাদে বায়ার্ন এই মৌসুমে সর্বশেষ কবে পয়েন্ট খুইয়েছে সেটা হয়তো বায়ার্ন সমর্থকদেরও মনে করতে কষ্টই হবে। গত মঙ্গলবার রাতে হার্থা বার্লিনকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড ২৪তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেই প্রতিপক্ষদের উদ্দেশ্যে এক রকম হুমকিই দিয়ে রেখেছেন বায়ার্ন আক্রমণভাগের অন্যতম সদস্য অ্যারিয়েন রোবেন। ইউরোপের শীর্ষ পর্যায়েও বায়ার্ন তার বুন্দেসলিগা সাফল্যের পুনরাবৃত্তি করবে জানিয়ে এই ডাচ উইঙ্গার বলেন, ‘(পেপ) গার্দিওলা আমাদের ইউরোপের সবচেয়ে অপ্রতিরোধ্য দলে পরিণত করেছেন। আজ (মঙ্গলবার) আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেললাম। অতীতের যে কোন সময়ের চাইতে আমরা আক্রমণাত্মক। ম্যাচের একবারে শুরু থেকেই প্রতিপক্ষকে আমরা চেপে ধরি। আমাদের সামর্থ্য আছে ৯০ মিনিটই বল আমাদের পায়ে রাখা এবং প্রতিপক্ষকে চাপে রাখা।’ আর দলের এই মানসিকতায় কোচ গার্দিওলার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের এই গোলদাতা আরো বলেন, ‘গার্দিওলা সব সময়ই খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু আশা করেন। প্রতিদিনই তিনি এমন মানসিকতাই দেখান এবং আমি সত্যিই এটাকে ভালোবাসি। তাছাড়া তার কৌশলও দারুণ। সব সময়ই তিনি আমাদের এমন নির্দেশনা দেন যেন আমরা ওয়ান টু ওয়ান খেলার জায়গা বের করতে পারি।’ এদিকে স্যার অ্যালেক্স ফার্গুসন পরবর্তী যুগে সমর্থকদের ক্রমাগত হতাশ করে গেলেও আজ রাতে ঘরের মাঠে সবাই অন্য এক ইউনাইটেডকেই দেখতে পাবেন বলে আত্মবিশ্বাসী, আজ রাতে রেড ডেভিলদের সবচেয়ে বড় ভরসা ওয়েনই রুনি। রুনির দুই গোলের পাশাপাশি, মাতা ও হার্নান্দেজের একটি করে গোলে ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে সর্বশেষ লিগ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইউনাইটেড।স্বাগতিক দর্শকদের সামনে এই জয়ই আজ বায়ার্নের বিরুদ্ধে ইউনাইটেডকে আত্মবিশ্বাসী করে তুলবে জানিয়ে রুনি বলেন, ‘এটা অসাধারণ একটা জয়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নদেরই বিরুদ্ধে; আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে দারুণ উত্তেজিত এবং মাঠে নামতে আমার তর সইছে না। আশা করছি দারুণ একটা ম্যাচ হবে এটা এবং আমরা ভাল ফল নিয়েই মাঠ ছাড়তে পারবো।’ এদিকে লা লিগায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের একাধিপত্য ভেঙ্গে এ মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা অ্যাটলেটিকো আজ প্রথমবারের মতো মহাদেশীয় কোন প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছে বার্সেলোনার। লিগের ৩১ তম রাউন্ড শেষে কাতালানদের চাইতে এক পয়েন্ট বেশি নিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা দলটি যদিও এ মৌসুমে তিনবার লিওনেল মেসির দলের মুখোমুখি হয়ে জিততে পারেনি একটি ম্যাচও। তিনবারই খেলা শেষ হয়েছে সমতায়। আজ রাতে যদি দিয়েগো সিমিয়োনির দল ড্র নিয়েও মাঠ ছাড়তে পারে, তাহলে ঘরের মাঠে দ্বিতীয় লেগে এগিয়ে থাকবে তারাই। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের আগে আজ রাতে জয় নিয়ে এগিয়ে যেতে চাইবে জেরার্ডো মার্টিনোর বার্সেলোনা।