পাক-উইন্ডিজ ‘কোয়ার্টার ফাইনাল’ আজ

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২২:২৫
খেলাটা সুপার টেনের হলেও এ গ্রূপে দলগুলোর অবস্থান বলছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি আজ অলিখিত কোয়ার্টার ফাইনালই। দু’দলই একটি করে ম্যাচ জেতায় আজ যে জিতবে সেই দলই খেলবে সেমিফাইনাল; এমন এক সমীকরন সামনে নিয়ে মিরপুরে সুপার টেনের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামির বলছেন, শক্তিমত্তার দিক থেকে দল দুটির অবস্থান কাছাকাছি হওয়ায়, আজকের ম্যাচে ফেভারিট নয় কোন দলই। দু’দলেই আছেন বিশ্বের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যানদের কয়েকজন। একদিকে যদি থাকেন ক্রিস গেইল-মারলন স্যামুয়েলসরা, তাহলে ব্যাট হাতে তাদের জবার দিতে প্রস্তুত আহমেদ শেহজাদ-শহীদ আফ্রিদিরা। উমর গুল-সোহেল তানভীরদের ফর্মহীনতায় গত কয়েক বছর ধরেই বোলিংয়ে পাকিস্তানের মূল ভরসা স্পিন। দুর্দান্ত ফর্মে থাকা সাঈদ আজমলকে যোগ্য সাহচার্য দিতে প্রস্তুত মোহাম্মদ হাফিজ-আফ্রিদিও। ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও ঠিক তেমনই। তবে পাকিস্তানী পেসারদের সমস্যা যেখানে ফর্মহীনতা, সেখানে ক্রিসমার সান্তোকি-আন্দ্রে রাসেলদের অভাব অভিজ্ঞতার। কিন্তু দুই স্পিনার সুনীল নারাইন-স্যামুয়েল বদ্রির সামপ্রতিক সাফল্য বিশেষ করে টি-টোয়েন্টিতে, অনেকটাই ঘুচিয়ে দিচ্ছে সেই অভাব। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে এই দুই স্পিনারের নাম। টুর্নামেন্টে দু’দলের পারফরম্যান্স আর শক্তিমত্তা-দুর্বলতা বিচারে স্যামির মন্তব্যকেই তাই সঠিক বলে মানতে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখা এই অলরাউন্ডার গতকাল বলেন, ‘দারুন প্রতিদ্বন্দিতাপূর্ন একটা ম্যাচ হবে এটা সন্দেহ নেই। মাঠে যে দল তাদের পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে পারবে সেই দলই জিতবে। আমাদের মতোই স্পিন আক্রমনে দারুন শক্তিশালী তারা। বর্তমান বিশ্বের সেরা দুই স্পিনারকে কাল (আজ) আমরা পাচ্ছি প্রতিপক্ষ হিসাবে। তাদেরকে আপনার শ্রদ্ধা করতেই হবে।’ টুর্নামেন্টের ধারাবাহিকতা মেনে এ ম্যাচেও স্পিনাররাই মূল হন্তারকের ভূমিকা পালন করবেন জানিয়ে স্যামি আরো বলেন, ‘গত কয়েক ম্যাচ ধরেই আমরা দেখছি পেসাররা বেশ খরুচে হয়ে যাচ্ছে। উপমহাদেশের স্পিনারদের পারফরম্যান্স সে তুলনায় ভালো। এ সবকিছু হিসাব করেই দল সাজাতে হবে আমাদের।’ তবে স্পিনারদের সামলানোর ক্ষমতা তার দলের ভালভাবেই আছে বলেও দাবী করলেন স্যামি। গেইল-লেন্ডল সিমন্স-স্যামুয়েলস সমৃদ্ধ ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপের শক্তিমত্তা সম্পর্কে আরেকবার স্মরন করিয়ে দিলেন সদাহাস্যময় এই খেলোয়াড়. ‘স্পিনারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই আক্রমন চালাতে হবে। আমরা এটা নিয়ে আরো কাজ করে যাচ্ছি। স্পিনারদের বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স যথেষ্টই ভাল। যদিও ভারতের বিরুদ্ধে বেশ ভুগতে হয়েছে আমাদের। আর এই ম্যাচেও হয়তো কঠিন এক পরিক্ষাই দিতে হবে আমাদের।’