সিলেটের বিশ্বনাথে রবিবার সদর ইউনিয়নের বেলার হাওরে মাছ ধরা উত্সব পালন করেছেন ২০ গ্রামের মানুষ। পুরোন ঐতিহ্য ধরে রাখতে পলো ও ঠেলা জালসহ বিভিন্ন জাল দিয়ে মাছ ধরেন সৌখিন শিকারিরা। প্রতি বছর এই উত্সব পালন করেন তারা। আনন্দঘন এ উত্সবে প্রায় সহস্রাধিক লোকজন অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলে উত্সব। আড়াই ঘন্টার উত্সবে শিকারিরা বোয়াল, শোল, গজার, কার্প জাতের মাছ, কালিবাউস, মাগুর, রুইসহ বিভিন্ন ধরনের মাছ ধরেন।
উত্সবে যেসব গ্রামের মানুষ অংশ নিয়েছেন সেগুলো হলো - কারিকোনা, শাহজিরগাঁও, বাওনপুর, ইলিমপুর, রাজ মোহাম্মদপুর, ইসলামপুর, তাতিকোনা, সাধু গ্রাম, পশ্চিম শ্বাসরাম, পূর্ব শ্বাসরাম, সুড়িরখাল, সেনারগাঁও, ভোগশাইল, সরুয়ালা, চান্দশীরকাপন, সিরাজপুর, রশীদপুর, ধর্মদা, উত্তর ধর্মদা, ধীপপুর। উত্সব দেখতে আশপাশের গ্রামের লোকজন সকাল থেকেই ছোট ছোট দল বেঁধে আসতে থাকেন বিলের পাড়ে। ঐতিহ্যবাহী এ পলো বাওয়া উত্সব দেখতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা উত্সুক জনতা জানান, আমাদের খুব ভাল লাগে পলো বাওয়া দেখতে। কয়েক যুগ ধরে এই উত্সব পালিত হচ্ছে বলেও জানান তারা।
ইলিমপুর গ্রামের বাবুল মিয়া বলেন, এ বছর দু’টি বড় মাছ ধরেছেন। এতে খুব বেশি আনন্দ পেয়েছেন। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক বলেন, এ উত্সব আমাদের অনেক পুরনো ঐতিহ্য।
