ভারতে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী জরিপের পরিমাণ বাড়ছে। তবে এই নিয়ে বিতর্ক আছে। সমপ্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এক জনমত জরিপ প্রতিবেদনে জানিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা দল (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে ২৩০ আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পাবে ১২৮ আসন। আর বিজেপি এককভাবে পাবে ১৯৬ টি আসন এবং কংগ্রেস পাবে ১০৬টি আসন। জরিপ প্রতিবেদনে ভারতের ৫৪৩টি আসনের চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, কর্নাটক রাজ্যে ২৮ টি আসনের মধ্যে ২০টি এনডিএ এবং ইউপিএ ৬ টি আসন পাবে। তামিলনাডুতে ৩৯ আসনের মধ্যে এনডিএ এবং ইউপিএ কোনো জোটই আসন পাবে না। পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের মধ্যে কেবল ইউপিএ জোট ১টি আসন পাবে। রাজস্থানের ২৫টি আসনের মধ্যে এনডিএ ১৯টি এবং ইউপিএ ৫টি, দিল্লিতে ৭টি আসনের মধ্যে ২টি এনডিএ এবং ১ টি ইউপিএ, হরিয়ানায় ১০টি আসনের মধ্যে ৭টি এনডিএ এবং ইউপিএ ৩টি আসন পাবে। মহারাষ্ট্রে আসন আছে ৪৮টি। এর মধ্যে এনডিএ ৩৩ টি এবং ইউপিএ ১২টি আসন পাবে। মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে ২৪টি এনডিএ ও ৪টি ইউপিএ, ছত্রিশগড়ের ১১টি আসনের ৯টি এনডিএ ও ২টি ইউপিএ, গুজরাটের আসন আছে ২৬টি। এর মধ্যে এনডিএ ২৩টি এবং ইউপিএ ৩টি আসন পাবে। ঝাড়খন্ডের ১৪টি আসনের মধ্যে ৬টি এনডিএ এবং ৪টি ইউপিএ, বিহারের ৪০টি আসনের মধ্যে এনডিএ ২৩টি এবং ইউপিএ ১১ টি আসন পাবে। উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে এনডিএ ৪০টি ও ইউপিএ ১২ টি, পাঞ্জাবের ১৩টির মধ্যে ৫টি এনডিএ ও ৮টি ইউপিএ, আসামের ১৪টির মধ্যে ১টিতে এনডিএ এবং ইউপিএ জয় পাবে ১২টি আসনে। ওডিসার ২১টি আসনের মধ্যে একটি এনডিএ, ৩টি ইউপিএ, সীমান্ধ্রের ২৫টি আসনের মধ্যে ৯টি এনডিএ এবং একটি ইউপিএ পাবে। আলোচিত তেলেঙ্গানা রাজ্যে আসন আছে ১৭টি। এর মধ্যে ইউপিএ ৫টি আসনে জয়লাভ করবে। এনডিএ এখানে কোনো আসন পাবে না। কেরালার ২০টি আসনের মধ্যে ১৩ টি আসন পাবে ইউপিএ। এখানে এনডিএ কোনো আসন পাবে না বলে জরিপে পাওয়া গেছে। এছাড়া ক্ষুদ্র রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিসে মোট ৩৪টি আসন আছে যার মধ্যে এনডিএ ৮টি এবং ইউপিএ ২২ টি আসন পাবে। ভারতে সরকার গঠন করতে ২৭২ টি আসন প্রয়োজন।
