সোনিয়া-রাহুলকে টুকরো করে ইতালি পাঠানো হবে!

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২৩:০১
কংগ্রেসের ইমরান মাসুদের পর এবার বিজেপির হীরালাল রেগার নির্বাচনী প্রচারণায় চরম উস্কানিমূলক মন্তব্য করেছেন। নির্বাচনী প্রচারণায় অশালীন ভাষা প্রয়োগের নয়া নজির গড়লেন রাজস্থানের এই বিজেপি নেতা। বললেন, বিজেপি ক্ষমতায় এলে সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীকে টুকরো টুকরো করে কেটে ইটালিতে ফেরত পাঠিয়ে দেয়া হবে। বলেন, কংগ্রেসের কোনও নেতারই আর এই দেশে থাকার অধিকার নেই। কয়েকদিন আগে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী সম্পর্কে উস্কানিমূলক মন্তব্যের কারণে গ্রেফতার হন উত্তরপ্রদেশের সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। নির্বাচনী এক জনসভায় মোদীকে কড়া ভাষায় আক্রমণ করে মাসুদ বলেন, মোদীকে কুচি কুচি করে কেটে ফেলা হবে। ওই জনসভায় মাসুদ আরো বলেছিলেন, যদি মোদী উত্তরপ্রদেশকে গুজরাটে পরিণত করার চেষ্টা করেন তাহলে আমরা ওনাকে টুকরো টুকরো করে কেটে ফেলব। আমি মরতে ভয় পাই না, প্রয়োজনে কাউকে মারতেও পিছিয়ে আসব না। উনি ভাবছেন উত্তরপ্রদেশও গুজরাট হবে। গুজরাটে মাত্র ৪ ভাগ মুসলিম আর উত্তরপ্রদেশের ৪২ ভাগ মানুষই মুসলিম।