তানোরে নোটিস ছাড়াই ছয় আদিবাসী পরিবারকে উচ্ছেদের অভিযোগ

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২৩:০৩
তানোরে বিনা নোটিসে আদালতের নির্দেশে আকস্মিক উচ্ছেদকৃত ৬টি আদিবাসী পরিবারের সদস্যরা বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনার প্রতিবাদে কয়েকটি আদিবাসী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য গতকাল সোমবার দুপুরে তানোর-মুণ্ডুমালা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সেখান থেকে আজ মঙ্গলবার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি চলাকালে ওই সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে এক ঘণ্টা পর তানোর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হলে আন্দোলনকারীরা তাকে ঘেরাও করে প্রতিবাদ জানায়। এসময় সেখানে জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, জেলার সভাপতি বিমলচন্দ্র রাজোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। ওসি আদিবাসীদের আদালতের মাধ্যমে সকল কাজ পরিচালনার পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশে পুলিশের সহায়তায় কোন নোটিস ছাড়াই স্থানীয় ছাত্র শিবির নেতা আবদুল কাদের তার বাহিনী নিয়ে গত রবিবার দুপুরে উপজেলার মুন্ডুমালা পৌরসভার মাহালীপাড়ার আদিবাসী জহন হাঁসদা, লগেন মুর্মূ, কবিরাজ মুর্মূ, আনজিলা টুডু, সমুরা টুডু ও লতিয়া কিস্কুর পরিবারকে বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে।