সান্ধ্য কোর্ট চালুর সুপারিশ স্থায়ী কমিটির

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২৩:০৪
বিচারাধীন মামলার জট খুলতে সান্ধ্যকালীন কোর্ট বসানোর সুপারিশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সুরঞ্জিত সেন জানান, আইনের শাসন বা সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচারপতিদের মূল্যায়ন করতে হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে বিচারপতিদের মেলানোর সুযোগ নাই। বর্তমানে উচ্চ আদালত ও নিম্ন আদালতে ২৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করতে হলে দুই আদালতেই দ্বিতীয় শিফট চালু করতে হবে। প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারপতিদের পুনরায় নিয়োগ করতে হবে। এজন্য উচ্চ আদালতের ক্ষেত্রে আইন সংশোধন প্রয়োজন হবে। কমিটির পক্ষ থেকে আইন সংশোধনের একটি ড্রাফট মন্ত্রণালয়ে পাঠানো হবে। পার্শ্ববর্তী দেশ ভারত ও ব্যাংককের উদাহরণ টেনে তিনি বলেন, এসব দেশে দুই শিফট চালু আছে। আমাদেরকে পুরোনো অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। দ্রুত বিচার নিষ্পত্তি না করতে পারলে সুশাসন ও গণতন্ত্র সবই ব্যর্থ হবে। তাই দুই শিফট চালু করার আগে বিচারক নিয়োগের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। তাদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে। সুরঞ্জিত বলেন, বিচারকদের প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী ভাবলে হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচারপতিদের জন্য ৫০ শতাংশ বিশেষ ভাতা প্রদান করার। এক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চাইতে বেতন বেশি হলেও কিছু করার নাই বলে জানান তিনি। কয়েকটি দেশের উদাহরণ টেনে কমিটি সভাপতি বলেন, আমাদের দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা। ভারতে প্রধান বিচারপতির বেতন ১ লাখ টাকা। পাকিস্তানে ১ লাখ ৯২ হাজার ৮৭৫ টাকা এবং শ্রীলংকায় ৭০ হাজার টাকা। আপিল বিভাগের বিচারপতির বেতন ৫৩ হাজার ১০০ টাকা, ভারতে ৯০ হাজার টাকা, পাকিস্তানে ১ লাখ ৮৮ হাজার টাকা এবং শ্রীলংকায় ৬৫ হাজার টাকা। পল্লী সঞ্চয় ব্যাংক বিল উত্থাপন: সংসদে ‘পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪’ উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গতকাল বিলটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়েছে, ব্যাংকের অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ: আগামী রমজানের আগে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ নেয়া হয়েছে। টিসিবির মাধ্যমে ইতিমধ্যে কিছু পণ্য মজুদ করা হয়েছে। কিছু পণ্য সংগ্রহের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সংসদে টেবিলে উত্থাপিত এম আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদে এ তথ্য জানান। শপথ নিলেন আফিল-মনিরুল: দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের আফিল উদ্দিন ও এডভোকেট মনিরুল ইসলাম। গতকাল সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে তাদেরকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। যশোর-১ (শার্শা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী আফিল উদ্দিন ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ভোটের মাধ্যমে বিজয়ী প্রার্থী এডভোকেট মনিরুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাদের গেজেট স্থগিত থাকে। রবিবার নির্বাচন কমিশন (ইসি) অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেয়।