বাংলাদেশের শেষ সুযোগ!

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২৩:২৮
সুপার টেন পর্বের পারফরম্যান্সকে মাথায় রাখলে দুইদলের মধ্যে কোন পার্থক্যই নেই। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সাথে হেরেছে দুটি দলই। সেমিফাইনালের লড়াই থেকেও বেশ আগেই ছিটকে পড়েছে। বাকি আছে কেবল আজকে নিজেদের মধ্যে এক ম্যাচ। নিশ্চিত ভাবে তাই বলা যায় স্বস্তির এক জয়ের সন্ধানে আছে দুদল। এমন কিছু ভাবনা নিয়ে আজ মাঠে গড়াচ্ছে সুপার টেন পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটা শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার টেন পর্যায়ে তেমন একটা পার্থক্য না থাকলেও একটু পিছনে তাকালেই দুদলের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠবে। এই বিশ্বকাপ শুরুর আগেও অস্ট্রেলিয়া টানা জয়ের মধ্যেই ছিল। অ্যাশেজ জয়ের পর দক্ষিণ আফ্রিকায় দারুণ এক সফর করার পর চাঙ্গা হয়েই বাংলাদেশে এসেছিল জর্জ বেইলির দল। অন্যদিকে বাংলাদেশের দুর্দশার কাব্যটা শুরু হয়েছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে। টানা হারের গ্লানিতে আশার আলো হয়ে এসেছিল প্রথম পর্বে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে জয়। এরপর হংকংয়ের মতো দলের কাছে হার দিয়ে আবারও সেই পরাজয়ে ফেরা। এরপর সুপার টেনে এসেও সেই একই রূপেই থাকলো বাংলাদেশ। তিনটি ম্যাচেই কোন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে না পেরেই হার। সব মিলিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপের হতাশা মোচনের শেষ সুযোগ আজ। মানসিকভাবে অস্ট্রেলিয়াও কম বিধ্বস্ত নয়। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচেই তাদের করুণ রূপটা সামনে চলে এসেছে। স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণের পর অল আউট হয়েছে মাত্র ৮৬ রানে। হেরেছে ৭৩ রানের বিশাল ব্যবধানে। অস্ট্রেলিয়াও তাই শেষ ম্যাচ জিতে টুর্নামেন্টে মনে রাখার মত একটি চিহ্ন রেখে যেতেই চাইবে। শেষ ম্যাচের আগে আবারও ইনজুরি শঙ্কায় দল থেকে বাদ পড়েছেন পেসার মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় দলে ডাক পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ। যদিও অনভিষিক্ত এই খেলোয়াড়কে অন্তর্ভুক্তির ব্যাপারে এখন পর্যন্ত আইসিসির টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সেমিফাইনালের লাইন আপ নির্ধারণে এই ম্যাচটির বিন্দুমাত্র ভূমিকা নেই। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে তাই ম্যাচটি ‘অর্থহীন’ লড়াই। কিন্তু বাকি বিশ্বের কাছে যাই হোক না কেন বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কারণ ওই একটাই- সান্ত্বনার জয়ের খোঁজ!