প্রি য় মু খ .......................

‘মানুষের পাশে থাকতে চাই’

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৮:২৩
জান্নাতুল ফেরদৌস। ডাকনাম বৃষ্টি। বাবা মোঃ আব্দুল কুদ্দুস এবং মা গুলশান আরা। দুজনই পেশায় শিক্ষক। পড়ছেন মার্কস মেডিক্যাল এন্ড ডেন্টাল কলেজে। দুই ভাইবোনের মধ্যে বড় বৃষ্টি। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। ক্লাসে সব সময়ই প্রথম হয়েছেন বৃষ্টি। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পেয়েছেন বৃত্তি। বিভিন্ন পর্যায়ে আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতায় প্রায় শতাধিক পুরস্কার পেয়েছেন। কাজ করছেন নারী স্বাস্থ্য নিয়ে। ডাক্তারের চেম্বার থেকে, সুস্থ নারী সবল দেশসহ অনেক অনুষ্ঠানের সঙ্গে জড়িত। এছাড়া কাজ করছের ‘সুচিকিত্সা’ নামক একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে। যার মূল প্রতিপাদ্য বিষয় নারীর স্তন ক্যান্সারের ভয়াবহতা। কাজ করেছেন তিনটি বিজ্ঞাপনেও। মায়ের খুব ভক্ত মেয়েটা। বললেন, মাকে দেখেই কাজ করার সাহস পাই। আমার মা এলাকার শিশুদের লেখাপড়ার কথা চিন্তা করে গড়ে তুলেছেন স্কুল। সেখানে থেকে শিক্ষা গ্রহণ করছে শত শত শিক্ষার্থী। বৃষ্টি বলেন, একজন সুস্থ নারীই পারে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে। একজন সুস্থ মা পারে একটি শিশুকে সুস্থ বালক-বালিকায় পরিণত করতে। আজকের বালক-বালিকাই আগামীদিনের ভবিষ্যত্ হয়ে উঠবে নিঃসন্দেহে। সেক্ষেত্রে মা যদি সুস্থ না থাকে তবে কিভাবে একটি সুস্থ সমাজ তথা দেশ সম্ভব। তিনি বলেন, শারীরিক বা মানসিকভাবে অসুস্থতাকে অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের নেই। আর তা ছাড়াও আমাদের দেশের নারীরা অনেক বেশি মমতাময়ী আর আত্মত্যাগী। উন্নত দেশগুলোর নারীদের কথা যদি আমরা চিন্তা করি তা হলে দেখব তারা রোগ ছাড়াই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপর থাকে সেখানে আমাদের মা বোনেরা অসুস্থ হলেও সেটাকে অবহেলা করে। পরিণতি তাদের নিয়ে আসে হাসপাতালে। বৃষ্টি আরো বলেন, ভবিষ্যত্ ডাক্তার হয়ে আমার আরও ডাক্তার বোনদের নিয়ে মা বোনদের সেবা দিতে, সচেতন করতে চাই। আমি স্বপ্ন দেখি একটি সুস্থ স্বাভাবিক নারী জাতির। আর এই স্বপ্ন পূরণের জন্য লড়াই করে যেতে চাই।