আরিফ পারভেজ স্কুল বা কলেজ জীবনে নাট্য সংগঠন বা অভিনয়ের সাথে তেমন পরিচিত না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ক্যাম্পাসের নাট্য সংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’ এ অভিনয়ে অভিষেক ঘটে। নাট্য সংগঠনে অভিনয় করতে প্রথম প্রথম ভয় করতো। তবে পথ নাটক ‘আবার একাত্তর’ এ অভিনয় এতই ভাল হলো যে সংগঠনের রফিক ও সনি ভাই তাকে বুকে জড়িয়ে ধরে। অভিনয় খুব ভাল হয়েছে বলে তাকে আরো মনোযোগের সাথে কাজ করার পরামর্শ ও উত্সাহ দেন। সেই উত্সাহ পেয়ে ব্যবস্থাপনা বিভাগের আরিফ এখন ক্যাম্পাসের অন্যতম সেরা অভিনেতা। ‘বিফলে মূল্য ফেরত’ পথ নাটকে বোধোদয় চরিত্রে অভিনয় করে তিনি এখন ক্যাম্পাসে বোধোদয় ভাইয়া নামে অধিক পরিচিত। তার অন্য অভিনীত পথ নাটকগুলো হচ্ছে-‘বনকাব্য’, ‘এপ্রোকান্ড সূর্য্য’, ‘কাহনে’, ‘সত্যি ভূতের গপ্প’ যা ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন স্থানে প্রায় ৮০ বার প্রদর্শিত হয়েছে। নাটক বা অভিনয় করতে কেন ভাল লাগে জিজ্ঞেস করলে বলেন-নাটকের মাধ্যমে অনেক ভাল কথা মানুষের পৌঁছে দেয়া যায়। সমাজের নানা অসংগতি, শোষণ, অসমতার কথা শৈল্পিক ভাবে তুলে ধরা যায়। চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার গড়তে চান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আরিফ। চলচ্চিত্রের কোন দিকে ক্যারিয়ার গড়তে চান জানতে চাইলে বলেন, আমি ক্যামেরার সামনে ও পিছনে উভয় দিকেই কাজ করতে চাই। তিনি ইতোমধ্যে বাংলাদেশের প্রথম কমিউনিটি ভিত্তিক চলচ্চিত্র ‘প্রত্যাবর্তন’ এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি শিশুতোষ চলচ্চিত্র ‘সীমান্তের খোঁজে’, ‘গোল ও যোগ’ এ অভিনয় করেছেন। এছাড়া তিনি সাংবাদিক সাগর-রুনির হত্যাকাণ্ড ঘটনার প্রেক্ষাপটে রচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘলীনা’ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হাবিবুর রহমান পরিচালিত ‘রুপগাওয়াল’ ছবিতেও অভিনয় করেছেন।
