মিউজিক ভিডিওর বৃষ্টিতে ভেজা একটি দৃশ্যের জন্য আলাদা পিয়ানো তৈরি করিয়েছিলেন। নির্মাতা শুভব্রত সরকারের টিমের সেই পিয়ানো তৈরি করতেই সময় লেগেছিল অনেকটা। কণ্ঠশিল্পী তানভীর শাহীনের ‘মনের ঘর’ গানের ভিডিওতে বৃষ্টিতে ভিজে পিয়ানো বাজানোর দৃশ্যে যা খরচ হয়েছে তা দিয়েই অবশ্য আরও একটি মিউজিক ভিডিও তৈরি করা যেত। তবুও ভালো মানের ভিডিও নির্মাণের জন্যই এই উদ্যোগ। তানভীর শাহীন বলেন, ‘আসলে এখনকার সময়ে ভালো মানের ভিডিও না করলে তা দর্শকদের গ্রহণযোগ্যতা পায় না। আর এটা আমার নতুন সলো অ্যালবাম। অ্যালবামের মান ও প্রমোশনের বিষয়টি এখনকার শ্রোতারা মিউজিক ভিডিও দেখেই বুঝে। আমার এই গানটির ভিডিও প্রকাশের পর আমার পুরোনো সব রেকর্ড ভেঙে গেছে। ‘মনের ঘর’ গানটি সত্যিকার অর্থেই যে শ্রোতাদের মনে ঘর তৈরি করতে পেরেছে তাতেই আমি কৃতজ্ঞ।’ নিজের সলো অ্যালবাম রিলিজ দিয়েই আবারও উড়াল দিয়েছেন তিনি আমেরিকার উদ্দেশ্যে। খুব শিগগিরই সেখান থেকে তৈরি আরেকটি নতুন ভিডিও রিলিজ দেবেন। গানের আন্তর্জাতিক বাজার প্রসঙ্গে তানভীর শাহীন বলেন, ‘ডিজিটাল বিশ্বে এখন সবার সাথেই প্রতিযোগিতা করতে হয়। আমাদের দেশে ইন্টারনেট যত সহজলভ্য হবে যত মানুষের হাতে পৌছাবে তত গানের প্রসার হবে। কারণ ইউরোপ-আমেরিকার সীমিত জনসংখ্যার দেশে একটি গানের ইউটিউব হিট যদি অল্প ক’দিনেই বিশ্ব রেকর্ড ছুঁতে পারে, তাহলে বাংলা গানের বিশাল শ্রোতাগোষ্ঠী নিয়ে আমরা কেন পারব না। এখন আমাদের গানকেও বিশ্ব দরবারে ইউটিউব, আইটিউনসের মাধ্যমেই সাড়া ফেলতে হবে। তাই স্মার্ট ফোন বা ইউটিউব ব্যবহারকারীর সংখ্যাটাও বাড়ানো জরুরি। এবং আমি আশাবাদী, খুব শিগগিরই আমাদের কোনো বাংলা গান বিশ্বরেকর্ড গড়বে।’
