গল্প নয় সত্যি

ভুলোমনা এক ধনীর কাণ্ড!

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
শখ ফুরিয়ে গেলে অনেকেই শখের জিনিসটির কথা বেমালুম ভুলে যান। এ কারণে আপনি যদি স্কুল জীবনে কেনা কোনো ভিডিও গেম বা নেহাত শখের সাইকেলটির কথা পুরোপুরি ভুলেও গিয়ে থাকেন তাহলে সেটাকে বড় কোনো অপরাধ বলা যায় না। কিন্তু তাই বলে কেউ কি চাইলেই প্রায় কোটি টাকা ব্যয়ে কেনা কোনো শখের জিনিসের কথা ভুলে যেতে পারেন! বিষয়টি আর দশটা সাধারণ মানুষের কাছে অকল্পনীয় আর অবিশ্বাস্য বলে মনে হলেও বাস্তবে এমনই এক কাণ্ড ঘটিয়ে এবার সংবাদ শিরেনাম হয়েছেন নরওয়ের এক ধণাঢ্য ব্যক্তি। সংবাদমাধ্যমে নাম প্রকাশ না পাওয়া এই ব্যক্তি ৬৫,০০০ পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে কেনা একটি বিলাসবহুল নৌযান বা ইয়ট মনের ভুলে গেল দু’বছর ধরেই ফেলে রেখেছিলেন সুইডেনের একটি পোতাশ্রয়ে। আর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় নৌযানটিকে পড়ে থাকতে দেখার পর সুইডিশ পুলিশের এক উদ্যোগের মধ্য দিয়েই সম্প্রতি খোঁজ মেলে ওই ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায়, নরওয়ের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের নিকটবর্তী সুইডিশ শহর স্ট্রমস্টাডের একটি পোতাশ্রয়ে। আমেরিকার তৈরি ‘রিংকার ৩৪২ ফিয়েস্তা ভি’ মডেলের এই নৌযানটি যে শুধুমাত্র ফেলেই রাখা হয়েছিল তা নয়, বরং বিলাসবহুল এই নৌযানটির চাবিও বাঁধা ছিল নৌযানের রেলিং এর সাথে। এদিকে দিনের পর দিন ধরে নৌযানটির দৃশ্যত কোনো মালিকের দেখা না পাওয়ায় এটির ছবিসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে এর মালিকের সন্ধানে একটি বিজ্ঞপ্তি দেয় সুইডেনের পুলিশ বিভাগ। ফেসবুকের আলোচনায় অনেকেই এর মালিক এক নরওয়েজিয় ব্যক্তি হতে পারে বলে মত প্রকাশের পর বিষয়টি স্থান করে নেয় দেশটির একাধিক গণমাধ্যমের সংবাদে। আর এরই সূত্র ধরে গেল ২৬ মার্চ নৌযানটির মালিকানা দাবি করে সুইডেনের পুলিশের সাথে যোগাযোগ করেন এর ভুলোমনা মালিক। এ ধরনের একটি ব্যয়বহুল নৌযানের কথা তিনি কীভাবে ভুলে গেলেন সেই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি জানান, ২০১২ সালে তিনি একবার এই নৌযান বা ইয়টটি বিক্রির উদ্যোগ নিয়েছিলেন এবং তার ধারণা ছিল যে তার সহকারীরা হয়তো সেটি বিক্রির সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন। তবে গণমাধ্যমে ইয়টটি দেখার পর তার সেই ভুল ভাঙ্গে। এখন স্ট্রমস্টাডের পোতাশ্রয় থেকে নৌযানটি সংগ্রহ করার পাশাপাশি সেখানে দুই বছর ধরে নৌযানটি রাখার ফি’ও পরিশোধ করতে হবে নৌযানটির মালিককে। তবে যে ব্যক্তি অবলীলায় প্রায় কোটি টাকা ব্যয়ে কেনা নৌযানের কথা ভুলে যেতে পারেন তার জন্য এই ফি আর এমন কী-ই বা!