সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে চীনের গুয়াংডং প্রদেশে যাত্রা শুরু করা হেংকিন ওশেন কিংডম। যাত্রা শুরুর সাথে সাথেই গিনেজের পক্ষ থেকে এই পার্কটির মোট পাঁচটি রেকর্ডের কথা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম হিসেবে স্বীকৃতি পাওয়া ছাড়াও হেংকিন ওশেন কিংডমের অন্যান্য রেকর্ডগুলো হলো পানির নিচে সবচেয়ে বড় পর্যবেক্ষণ ডোম, সবচেয়ে বড় অ্যাকুরিয়াম ট্যাঙ্ক, সবচেয়ে বড় অ্যাকুরিয়াম উইন্ডো এবং সবচেয়ে বড় অ্যাক্রিলিক প্যানেলের রেকর্ড। অন্যদিকে মোট ৭টি থিমের ওপর তৈরি করা এই অ্যাকুরিয়ামটির মোট পানি ধারণক্ষমতা হলো ৪৮.৭৫ মিলিয়ন লিটার বা ১২.৮৭ মিলিয়ন ইউএস গ্যালন।
