ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) আবেদনের প্রেক্ষিতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে মার্জিন ঋণ সুবিধার কার্যকারিতা ছয় মাস বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্জিন ঋণ সুবিধার কার্যকারিতা ৩১ মার্চ ২০১৪ শেষ হয়ে যাওয়ায় ডিএসইর এক আবেদনের প্রেক্ষিতে এবং বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে কমিশন ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত বাড়িয়েছে। মার্জিন রুলস, ১৯৯৯ এর বিধি ৩(৫) এর কার্যকারিতা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে গত ৩০ মার্চ অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় সদস্যদের সম্মতিক্রমে মার্জিন ঋণ সুবিধা দেয়ার কার্যকারিতার সময় বাড়ানোর অনুমোদন দেয়া হয়। এর পর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি কমিশনে পাঠানো হয়। এর পরই বিএসইসি এ ঋণের কার্যাকারিতার সময়সীমা ছয় মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর কমিশন সভায় বিনিয়োগকারীদের স্বার্থে ৩০ সেপ্টেম্বর ২০১৩ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত বাড়ানো হয়েছিলো।
এদিকে গতকাল কমিশনের ৫১৪তম সভায় প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) অর্থ সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছে সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসেব অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ দশমিক ১১ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফ্যাক্টরি বিল্ডিং সমপ্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, গ্যাস জেনারেটর ক্রয়, ব্যাংক লোন পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
