আমেরিকায় ওবামা কেয়ারের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন গত সোমবার হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিয়েছে প্রচুর মানুষ। শেষ দিন হওয়ায় ওয়েবসাইটে অনেক মানুষ এক সাথে রেজিস্ট্রেশন করতে গেলে আবারো কারিগরি জটিলতা দেখা দেয় ওয়েবসাইটে। দুই বার প্রায় ঘন্টাব্যাপী ঐ কারিগরি জটিলতার কারণে অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাত মিলিয়ন মানুষ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। সময় বাড়ানোর পরও যারা এবার ওবামা কেয়ারের সুবিধা নিতে পারেনি তাদের জরিমানা করা হবে। তবে যারা কারিগরি জটিলতার কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন নি তাদের বিনা জরিমানায় রেজিস্ট্রেশন করার জন্য সময় বাড়ানো হবে। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পেরে অনেকে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে গেলে কাউন্সেলররা তাদের রেজিস্ট্রেশন করতে সাহায্য করেন। সরকারের এই ঘোষণায় রিপাবলিকান পার্টি এবং রক্ষণশীলরা এর বিরোধিতা করেছেন।
