ভারতের উচ্চ আদালতের রায়

বোমা হামলায় অভিযুক্ত এক নাগরিকের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২০:৫৫
ভারতের উচ্চ আদালত সোমবার ডেভিন্ডার পল সিং বুলার নামে এক নাগরিকের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। ১৯৯৩ সালে দিল্লিতে বোমা হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় তিনি অভিযুক্ত হন। ২০০১ সাল থেকে তিনি মৃত্যুদণ্ডের জন্য কারাভোগ করেন। পল সিং মানসিকভাবে অসুস্থ উল্লেখ করে তার স্ত্রী আদালতে আপিল করলে আদালত তা মঞ্জুর করে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত আরো বলে, মানসিক অসুস্থ এবং নিঃসঙ্গ বন্দীদের মৃত্যুদণ্ড হ্রাস করা হবে। এই বছরের শুরুতে উচ্চ আদালতে ১৮ জন কারাবন্দীর মৃত্যুদণ্ড মাফ করা হয়। জানুয়ারিতে আদালত ১৫ জন কারাবন্দীর মৃত্যুদণ্ড মওকুফ করে এবং ফেব্রুয়ারিতে সুুপ্রিম কোর্ট ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীকে হত্যার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড মওকুফ করে। ভারতে ৪০০ জনেরও অধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী রয়েছে। কিন্তু ভারতে খুব কমই মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে। গত দু’বছরে মাত্র দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১২ সালে মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০০৮ সালে মুম্বাই হামলায় অভিযুক্ত আজমল আল কাসাবের এবং ২০১৩ সালে কার্যকর হয় ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলায় অভিযুক্ত কাশ্মীরের অধিবাসী আফজল গুরুর।