বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ এনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে মারপিট করেছে ছাত্রলীগ কর্মীরা।
জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সিনিয়র নেতারা বসে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সংগ্রহ করছিলেন। রাত ৯টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী শাখারিয়া ইউনিয়নের ৩টি কেন্দ্রে প্রায় সাড়ে ১০ হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ খান রনির দোয়াত কলম প্রতীক মাত্র ১২০০ ভোট পায়। তিনটি কেন্দ্রেই বিএনপি সমর্থিত প্রার্থী আলী আজগর তালুকদার হেনা বিপুল ভোট পেয়েছেন। আওয়ামী লীগ কার্যালয়ে সে সময় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা আবু সুফিয়ান শফিককে তার ইউনিয়নের ভোট এত কম কেন জানতে চাইলে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে চেয়ার দিয়ে আবু সুফিয়ান শফিককে পেটায়।
