রাজশাহীতে সরকারি উদ্যোগে আইটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু, আজ ওরিয়েন্টেশন

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২০:৫৯
দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আইটি শিল্পের জন্য বিশ্বমানের আইটি বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে রাজশাহীতে। এ বিষয়ে আজ বুধবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রকল্পটির সহকারী এবং সহকারী সচিব মাহফুজুল ইসলাম শামীম। সংবাদ সম্মেলনে তিনি জানান, আইটি বা যে কোন বিষয়ে স্নাতক, এমবিএ, বিবিএ, বিকম, বিএস এবং প্রকৌশলে ডিপ্লে¬ামা রয়েছে এমন তরুণ-তরুণীদের ভবিষ্যত্ আইটি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতে এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে আজ ২ এপ্রিল থেকে সরকারের ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি)’ প্রকল্পের অধীনে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃতদের প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ দেয়া হবে। প্রশিক্ষণ বা রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি নেয়া হবে না বলে জানান তিনি। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগামী ২৮ এপ্রিলের মধ্যে প্রকল্পের ওয়েবসাইটে (www.lict.gov.bd) গিয়ে রেজিস্ট্রশন করতে হবে।