কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদী ও শাখা খাল সমূহ পানি শূন্য হয়ে পড়ায় এ অঞ্চলের কৃষকদের একমাত্র ফসল ইরি-বোরো চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ডাকাতিয়া নদীতে পানি না থাকায় এই নদীর প্রধান শাখা নদনা, ঘাঘৈর, কার্জন খালসহ অন্যান্য খালগুলো শুকিয়ে যাওয়ায় নদী ও খাল তীরবর্তী হাজার হাজার কৃষক হতাশায় দিনাতিপাত করছেন। জলাঞ্চল খ্যাত এখানকার দরিদ্র কৃষকরা একটি মাত্র ফসল ইরি-বোরো চাষের উপর নির্ভরশীল। এ ফসল উত্পাদনে কোন ব্যাঘাত ঘটলে সারা বছর কষ্ট করতে হয় কৃষকদের। নদীতে মাঝে মধ্যে জোয়ারের পানি আসলেও আবার ভাটার টানে তাও চলে যায়। এই পানিটুকুও কৃষক জমিতে দিতে পারে না তীব্র লোডশেডিংয়ের কারণে। এ মুহূর্তে একটু পানি পেলে ইরি গাছের গর্ভে থাকা শীষ পরিপূর্ণভাবে বেরুতে পারবে। মৌসুমের এই সময়ে নদী ও খাল ভর্তি পানি থাকার কথা থাকলেও এগুলো শুকিয়ে এখন গরু ছাগলের বিচরণ কেন্দ্রে পরিণত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, এলাকায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ১১ হাজার হেক্টর, এর ১০ হাজার ১শ’ ৬০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ হয়।
