বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে স্টেডিয়াম মাঠে রবিবার থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। দেশব্যাপী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আর মাত্র দু’দিন পর। মেলাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে, ১০ কোটি টাকা ব্যয়ে ক্রীড়া সংস্থার তত্ত্ব্বাবধানে স্টেডিয়ামের উন্নয়ন, সমপ্রসারণ ও আধুনিকীকরণের কাজ চলছে বছরাধিককাল ধরে। এ উন্নয়ন কাজের স্বার্থে মাঠে কোন ধরনের খেলাধুলার আয়োজনও বন্ধ রাখা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু. শুকুর আলী বলেন, ক্রীড়া সংস্থার সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই এ মেলা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আর আয়োজক সংস্থার আবেদনের প্রেক্ষিতে মেলার অনুমতি দেয়া হয়েছে। স্টেডিয়ামের উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পদ্মা বিল্ডার্সের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান বলেন, নানা প্রতিকূলতার মধ্যে গত এক বছরে আমরা মাত্র ৬০ ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছি। বাকি কাজ জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। এ মুহূর্তে স্টেডিয়াম অভ্যন্তরে কোন মেলার আয়োজন করা হলে, তা চলমান উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করবে; বিলম্বিত হবে সামগ্রিক কাজ শেষ হবার প্রক্রিয়া। রবিবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু.শুকুর আলী, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মুজিবর রহমান খানসহ অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
