হাফ ভাড়া না নেয়ায় বাস ভাংচুর

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২১:৫০
জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি বাস ভাংচুর করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদরঘাট-চিড়িয়াখানা রুটে চলাচলকারী তানজিল পরিবহনের একটি বাসে গত সোমবার ভাড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে কন্ডাক্টরের কথা কাটাকাটি হয়। ঐ শিক্ষার্থী নিজেকে ছাত্র পরিচয় দিয়ে হাফ ভাড়া নেয়ার দাবি করলেও কন্ডাক্টর নিতে অস্বীকার করলে, তাদের মধ্যে হাতাহাতি হয়। মঙ্গলবার সকালে ঐ শিক্ষার্থী তার কয়েকজন সহপাঠীদের প্রেসক্লাবের সামনে জড়ো করেন। বেলা ১১ টার দিকে প্রেসক্লাবের সামনে তানজিল পরিবহনের একটি বাস পৌঁছলে শিক্ষার্থীরা ভাংচুর করে। এসময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও কোন বাধা দেয়নি। ভাংচুরের ১৫ মিনিট পর ঐ পরিবহনের আরো একটি বাস সেখানে পৌঁছলে শিক্ষার্থীরা বাসটিতে হামলা চালায়। এ ঘটনার ৫ মিনিট পর তানজিল পরিবহনের আরো একটি বাস সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা বাসের জানালার কাঁচ ভাংচুর করে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ব্যাপারে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইটি বাস ভাংচুর করেছে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।