ব্যাটারি চালিত অটোরিকশা চালক সুইট হোসেনের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে আজ বুধবার রাজশাহী মহানগরীতে সকাল-সন্ধ্যা অটোরিকশা ধর্মঘট আহবান করা হয়েছে। রাজশাহী ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গতকাল মঙ্গলবার দুপুরে সুইট হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেয়। এ সময় সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় পুলিশ সুইটের খুনিদের গ্রেফতার না করায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অটোরিকশা ধর্মঘট পালন করা হবে। এর আগে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর আলুপট্টি, কুমারপাড়া, সাহেব বাজার জিরোপয়েন্ট ও মনিচত্বর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে সুইট মাঝে মধ্যে স্বর্ণকার শ্রমিক হিসেবে কাজ করতো। তাকে হত্যার প্রতিবাদে নগরীর স্বর্ণকার শ্রমিকরা দুপুর ২টা পর্যন্ত সকল জুয়েলার্স বন্ধ রেখে প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানায়। প্রসঙ্গত সোমবার নগরীর রাণীবাজার মাদ্রাসা মার্কেট এলাকায় রিকশাকে ধাক্কা দেয়ার অভিযোগে অটোরিকশা চালক সুইটকে পিটিয়ে হত্যা করা হয়।
