ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অ্যামেথি আসনে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়বেন টেলিভিশনের জনপ্রিয় ‘বহু (বউ)’ স্মৃতি ইরানি। রাহুল গান্ধীর বিরুদ্ধে কাকে প্রার্থী দেবে বিজেপি তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা ছিল। কিন্তু সোমবার গভীর রাত পর্যন্ত আলোচনা করে স্মৃতিকেই রাহুলের বিরুদ্ধে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি। অন্যদিকে রায়বেরিলিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিজেপির পক্ষে লড়াই করবেন অজয় আগারওয়াল।
ভারতে আগামী ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৬ মে ভোট গণনা করা হবে। নির্বাচনে প্রায় ৮১ কোটি ৪০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। উত্তর প্রদেশকে ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ বলা হয়। অ্যামেথি এই প্রদেশে অবস্থিত। যে দল দিল্লীতে ক্ষমতায় আসতে চায় তাকে এ প্রদেশে অবশ্যই ভালো করতে হবে। এছাড়া আমেথি গান্ধী পরিবারের ঐতিহ্যগত আসন। এর আগে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন রাহুলের পিতা সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আমেথিতে ২০০৯ সালের নির্বাচনে রাহুল বিপুল ভোটে জয় পেয়েছিলেন। ৭০ শতাংশেরও বেশি ভোট পান রাহুল। অপরদিকে বিজেপি’র প্রার্থী ১০ শতাংশেরও কম ভোট পেয়ে তৃতীয় অবস্থানে নেমে আসেন।
স্মৃতি ইরানি জনপ্রিয় হিন্দি ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালে পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেন। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে সিরিয়ালটির মোট ১ হাজার ৮শ পর্ব প্রচারিত হয়েছিল। সিরিয়ালটির বদৌলতে ঈর্ষণীয় তারকা খ্যাতি অর্জন করেন স্মৃতি। বলা হচ্ছে, এবারের নির্বাচনে টিভি তারকা থেকে রাজনীতিতে যোগ দেয়া স্মৃতি জয় না পেলেও লড়াইটা জমজমাট হবে। নির্বাচনী প্রচারণায় ‘বহু’কে কাছে পেয়ে ভোটাররা বিগলিত হয়ে পড়লে অবাক হবার কিছু থাকবে না।
