অবশেষে জয় সালমাদের

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:৫৭
প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ। অথচ একের পর এক হারে ক্রিকেটের সর্বোচ্চ আসরে নিজেদের প্রথম টুর্নামেন্টটা হতাশার এক অধ্যায়ই হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের মহিলা দলের জন্য। অবশেষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসে ব্যর্থতার সেই বলয় ভাঙ্গতে পারলেন সালমা খাতুনরা। গতকাল সিলেট স্টেডিয়ামে দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। আগামীকাল ‘এ’ গ্রুপের পঞ্চম দল আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার এক ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ মিশন শেষ করবে সালমার দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ প্রথম ওভারেই ধাক্কা খায় ওপেনার আয়শার উইকেটটি হারিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হলেও সালমার ২২ ও রুমানা আহমেদের ৪১ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে নয় উইকেটে ১১৫ রান করে বাংলাদেশ। রান তাড়ায় নামা শ্রীলঙ্কাকে শুরু থেকেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। দুটি রান আউটের মাধ্যমে শুরুতেই পথ হারানো লঙ্কানদের ম্যাচ থেকে ছিটকে দেন মূলত পান্না ঘোষ। ডানহাতি এই মিডিয়াম পেসার ১৮ রানে তিন উইকেট দখল করে লঙ্কান মিডল অর্ডারকে দাঁড়াতেই দেননি। নিজের করা দ্বিতীয় ওভারেই দুই উইকেট প্রাপ্তির পর পান্না ফেরান উইকেটের এক প্রান্ত আকড়ে থাকা লঙ্কান দলপতি শশিকলা সিরিবর্ধনেকেও। ২০ ওভার শেষে লঙ্কানরা অলআউট হয়ে যায় ১১২ রানে। ৪১ রানের ইনিংসটির সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রুমানা।