বিশ্বব্যাংক ২৭০ কোটি ডলার ঋণ দেবে

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:৫৯
চলতি অর্থবছরে বাংলাদেশকে ২৭০ কোটি ডলারের ঋণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের একথা জানান, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হোয়েরো। পদ্মা সেতু প্রসঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করলেও অন্যান্য বিভিন্ন খাতে অর্থায়ন করছে। আর অর্থায়ন নয়, বাস্তবায়নটাই আসল। বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের কাছ থেকে ইতিমধ্যে ১৭০ কোটি ডলারের ঋণ সহায়তা পেয়েছি। আরো কিছু প্রক্রিয়াধীন রয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়াবে প্রায় ২৮০ কোটি ডলার। সাধারণত সংস্কার কর্মসূচির ওপর দাতারা বাজেট সহায়তা দিয়ে থাকে। আগামী বাজেটে বিদ্যুত্ ও জ্বালানি, মাধ্যমিক শিক্ষা, কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজেটে ব্যাংকিং খাতে সংস্কার এবং সামাজিক নিরাপত্তা ও খাদ্য বিতরণ কর্মসূচিতেও সংস্কার করা হবে। এসব সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সাক্ষাতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি জানতে চেয়েছেন। জবাবে আমি বলেছি যে, জুন-জুলাইয়ে পদ্মা সেতু নির্মাণের মূল দরপত্র আহবান করা হবে। পদ্মা সেতু সংক্রান্ত অন্য দু’টি দরপত্রের (নদী শাসন ও পরামর্শক নিয়োগ) প্রক্রিয়া চলছে। এগুলো এ বছরের মধ্যেই হয়ে যাবে। জুলাই-আগস্টের মধ্যে পরামর্শক নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।