আরো ২১ উপজেলার তফসিল চূড়ান্ত

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:৫৯
যষ্ঠ ধাপে আরো ২১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি অথবা আগামী সপ্তাহে এসব উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী ৩ মে অবশিষ্ট উপজেলাগুলোয় নির্বাচন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। কমিশনের প্রস্তুাবনা অনুসারে ২১ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ এপ্রিল, বাছাই ৯ এপ্রিল আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ এপ্রিল। ইসির তথ্য অনুযায়ী ৪৮৭ উপজেলা পরিষদের মধ্যে ৪৫৮টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১০২টি তফসিল ঘোষণা করা হলেও ৯৮টির নির্বাচন হয়। দ্বিতীয় ধাপে ১১৭টির মধ্যে ১১৫টির নির্বাচন হয়। তৃতীয় ধাপে ৮৩টির তফসিল হলেও ৮১টির নির্বাচন হয়েছে। চতুর্থ ধাপে ৯৩টির মধ্যে ৯১টির নির্বাচন হয়। পঞ্চম ধাপে ৭৩টি উপজেলায় নির্বাচন হয়েছে। নির্বাচনে বাকী আছে ২৯টি উপজেলায়। আদালতের নির্দেশে চাঁদপুরের হাইমচর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, শেরপুর সদর, সুনামগঞ্জের জগন্নাথপুর, ঠাকুরগাঁও সদরের নির্বাচন বন্ধ আছে। আরো দু’টি উপজেলা পরিষদের মেয়াদ পূর্ণ হয়নি। সামনে নির্বাচন উপযোগী ২১টি উপজেলার তফসিল ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া নোয়াখালী সদর উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ৩ মে যেসব উপজেলার নির্বাচন হতে পারে রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালি, রাজবাড়ীর কালুখালী, নারায়ণগঞ্জ সদর ও বন্দর, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শেরপুরের নকলা, টাঙ্গাইলের বাসাইল, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ।