হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আতিকুর রহমান আতিক। কারণ হিসেবে তিনি বলেন, পার্টির চেয়ারম্যান এরশাদের সীমাহীন মিথ্যাচারের কারণে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি এরশাদের বেশ কিছু বক্তব্য তুলে ধরে বলেছেন, জাতীয় পার্টির লাখ লাখ নেতা-কর্মীর ত্যাগ ও মান-সম্মানের কথা না ভেবে এরশাদ একেক সময় একেক ধরনের কথা বলেন এবং সিদ্ধান্ত নেন। যা দলকে অন্ধকারে ঠেলে দিয়েছে।
দীর্ঘ পদত্যাগপত্রে আতিকুর রহমান আতিক বলেছেন, বারবার কথা ও সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এরশাদের উপর জনগণ আর আস্থা রাখতে পারছে না। শুধুমাত্র সরকারের দালালি ও তাবেদারি করে ক্ষমতার অংশীদার ও মন্ত্রীত্ব পাওয়াই যেন এখন দলের কিছু শীর্ষ নেতাদের কাজ। এরশাদ বিগত নির্বাচনের আগে বলেছিলেন, সকল দলের অংশগ্রহণ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই নির্বাচনে তিনি যাবেন না। নির্বাচনে গেলে মানুষ আমাকে বেঈমান বলবে, থুথু দেবে। এই কথা বলার পরও তিনি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। তখন তিনি বলেছিলেন, গণতন্ত্র রক্ষায় নির্বাচনে আর কেউ না গেলে আমি একাই যাব। এ কথা বলার পর জনগণ সত্যি সত্যিই তাকে বেঈমান বলেছে এবং তাকে থুথু দিয়েছে ও ঝাড়ু মিছিল করেছে। মানুষ তাকে এখনো থুথু দিচ্ছে।
আতিক তার পদত্যাগপত্রে বলেন, গত সংসদ নির্বাচনে অনেক নাটকের পর রওশন এরশাদ নির্বাচনে গেলেন। কিন্তু এরশাদ তার স্ত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলেন না। বরং সিএমএইচ হাসপাতালে থেকে গলফ খেলেন। এসব নাটক দেশের জনগণ দেখেছে।
গতকাল মঙ্গলবার এই পদত্যাগপত্র এরশাদের কাছে পৌঁছে দিয়েছেন আতিক। এ ব্যাপারে আতিকুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ইত্তেফাককে বলেন, অচিরেই আমি প্রেসিডিয়াম মেম্বারের পদ থেকেও পদত্যাগ করবো।
