দীর্ঘদিন পর শিশুতোষ চলচ্চিত্র ‘বৈষম্য’

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
এ দেশে ভালো মানের মন্দ মানের যে অলিখিত বিভাজন তৈরি হয়ে আছে। সেই বিভাজনের ভেতরেও কোনো ক্যাটাগরিতেই প্রথিতযশা নির্মাতারা শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেননি। এর ভেতরে ব্যতিক্রমী কাজ করেছেন জার্মান প্রবাসী নির্মাতা অ্যাডাম দৌলা। এক ব্যতিক্রমী গল্পের প্লট নিয়ে নির্মাণ করেছেন ভিন্ন ধারার এক কিশোর চলচ্চিত্র ‘বৈষম্য’। প্রচলিত পথে ধুমধারাক্কা গোছের চলচ্চিত্র নির্মাণ না করে এই ভিন্ন পথে হাঁটতে গিয়ে নির্মাতাকে অনেক ঝক্কি পোহাতে হয়েছে। তবুও থেমে থাকেননি তিনি। নির্মাতা অ্যাডাম দৌলা দীর্ঘদিন জার্মান নিবাসী ছিলেন। বর্তমানে একটি চ্যানেলে কর্মরত থাকার পাশাপাশি শিশুদের নিয়ে দীর্ঘদিনের গবেষণার ফসল হিসেবেই এই চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘বৈষম্য’র অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন—প্রখ্যাত অভিনেত্রী মিতা চৌধুরী। এ ছাড়া ১৪ বছর বয়সী আবির হোসেন অংকন কাজ করেছেন প্রধান চরিত্রে। বিপথে যাওয়া ছেলের সাথে ধনী দরিদ্রের টানাপোড়েন-সামাজিক সংকট নিয়ে অদ্ভুত এক সম্পর্কের রসায়নে তৈরি হয়েছে এই ছবিটি। ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হচ্ছে। ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই ছবিটি দেখার পর শুধু শিশু-কিশোর নন, তাদের মায়েরাও আবেগাক্রান্ত হয়ে পড়ছে।’