তৃতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে চলচ্চিত্রের মহা মিলনমেলা ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৪’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে আজ সকাল ১০টা ৪০ মিনিটে। জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৪-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনের পরপরই হবে মঙ্গল শোভাযাত্রা।
সারা দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্যে রয়েছে রেড কার্পেটে সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ। শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ইত্যাদি। অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এসব কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
৭টা ৪০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে পারফর্মেন্স। এতে অংশ নেবেন মৌসুমী-ওমর সানী, ফেরদৌস-নিপুণ, মারুফ-তমা মির্জা, আরেফিন শুভ-আঁচল, অনন্ত-বর্ষা, জায়েদ খান-মম, মাহি-বাপ্পি ও রোজ। সংগীত পরিবেশনা করবেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব, আরফিন রুমী, এসআই টুটুল, তপন চৌধুরী, রবি চৌধুরী, আঁখি আলমগীর, আলম আরা মিনু, বাদশা বুলবুল, আতিক হাসান, পড়শী, রুমানা ও আগুন। এ ছাড়া অনুষ্ঠানে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মঞ্চস্থ হবে। এটি লিখেছেন আনিসুল হক। এতে অভিনয় করবেন ড্যানি সিডাক, শিবা শানু, রথী ও ফাহিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ, আমিন খান ও নুসরাত ফারিয়া।
