বলিউড

এবার মুখোমুখি

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৩
ইলিয়ানা ডি ক্রুজ ও নার্গিস ফখরি। বলিউডে নতুন প্রজন্মের দুই নায়িকা। হিন্দি সিনেমায় তাদের দুজনের পদচারণা খুব বেশি দিনের নয়। ইলিয়ানা ও নার্গিসের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এরমধ্যে। দর্শক তাদের পারফর্মেন্স দেখেছেন পর্দায়। অভিনয়ে নিজেদের সম্ভাবনাময়ী হিসেবে প্রমাণের পাশাপাশি সুন্দরী ও স্মার্ট নায়িকা হিসেবেও দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন। তারা দু’জন এবার পরস্পরের মুখোমুখি হয়েছেন রুপালি পর্দায়। বলিউডের এই দুই নায়িকার মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেছেন রেজাউল করিম খোকন সমসাময়িক দুই সুন্দরী নায়িকাকে একসঙ্গে নিয়ে কাজ করার ঝক্কি অনেক। সাধারণত এমন ঝামেলা এড়াতে একসঙ্গে সমসাময়িক দুই নায়িকাকে নিয়ে ছবি বানাতে চান না নির্মাতারা। বলিউডে এরকম ঝামেলার মুখোমুখি হয়েছেন অনেক পরিচালক-প্রযোজক। তারপরেও পরিচালক ডেভিড ধাওয়ান এই সময়ের দুই আলোচিত নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ ও নার্গিস ফখরিকে পরস্পরের মুখোমুখি করেছেন তার নতুন ছবি ‘ম্যায় তেরা হিরো’তে। এ ছবিতে নায়ক ডেভিড ধাওয়ান পুত্র বরুণ ধাওয়ান। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে তার অভিষেক হয়েছিল। প্রথম ছবিতেই দর্শকদের নজর কেড়েছেন বরুণ। ওই ছবিতে তার নায়িকা ছিলেন আলিয়া ভাট। দ্বিতীয় ছবিতে নায়কপুত্র বরুণের জন্য এই প্রজন্মের দুই সুন্দরী নায়িকা ইলিয়ানা ও নার্গিসকে কাস্ট করার পর থেকে বলিউডের বহু ব্লকবাস্টার সিনেমার নির্মাতা ডেভিড ধাওয়ান রীতিমতো টেনশনে ছিলেন। দুই নায়িকা একসঙ্গে অভিনয় করতে গিয়ে কোনো ঝামেলা বাঁধিয়ে বসেন তেমন শঙ্কায় ছিলেন তিনি। তবে শুটিংয়ের সময় ইলিয়ানা কিংবা নার্গিস তেমন কোনো সমস্যা করেননি। ভালোয় ভালোয় ‘ম্যায় তেরা হিরো’ ছবির শুটিং সেরেছেন। বরুণও এ যুগের স্মার্ট ছেলে। দুই দুর্দান্ত সুন্দরী গ্ল্যামারাস নায়িকার সাথে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, নেচেছেন, গেয়েছেন, রোমান্টিক দৃশ্যে অভিনয় করছেন। দুই নায়িকা ইলিয়ানা ও নার্গিসকে চমত্কারভাবে ম্যানেজ করেছেন নায়ক বরুণ ধাওয়ান। কেউই তার প্রতি অসন্তুষ্ট নয়। ইলিয়ানা এর আগে দক্ষিণী সিনেমার অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন। বলিউডে পা রাখার পর এ পর্যন্ত রণবীর কাপুর ও শহিদ কাপুরের বিপরীতে নায়িকা হয়েছেন। রণবীর ও শহিদের সঙ্গে ইলিয়ানার অভিনয়ের অভিজ্ঞতা চমত্কার। অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবনেও দুই নায়িকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তার। তবে ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করতে গিয়ে তার সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলেছেন ইলিয়ানা। এটাকে প্রেম বলা না গেলেও বন্ধুত্বের চেয়েও বেশি কিছু বলা চলে। সম্প্রতি এক সাক্ষাত্কারে ইলিয়ানা অকপটে বলেছেন, ‘বরুণের অনেক কিছুই আমার ভীষণ ভালো লাগে। আমি জীবনসঙ্গী হিসেবে তার মতো গুণাবলি সম্পন্ন তেমন কাউকে মনে মনে প্রত্যাশা করি।’ বরুণের সাথে ‘ম্যায় তেরা হিরো’ ছবির প্রচারণায় একসঙ্গে তার দুই নায়িকা ইলিয়ানা ও নার্গিসকে পাশাপাশি দেখা গেছে গত কয়েক সপ্তাহ ধরে। বাস্তবে ইলিয়ানা ও নার্গিস বিপরীত স্বভাবের ইলিয়ানা অপেক্ষাকৃত ধীরস্থির শান্ত-নম্র স্বভাবের। অন্যদিকে নার্গিস কিছুটা উগ্র, অস্থির টাইপের। আমেরিকান টপ মডেলের খ্যাতি ও পরিচিতি নিয়ে ভারতে কিংফিশার ক্যালেন্ডারের মডেল হিসেবে কাজ করতে এসে বলিউডে অভিনয়ের ডাক পেয়ে যান। ইমতিয়াজ আলীর ব্লকবাস্টার মুভি ‘রকস্টার’-এর মাধ্যমে নার্গিসের রুপালি পর্দায় অভিষেক। তবে প্রথম ছবিতেই বিরাট সাফল্য এবং রণবীর কাপুরের নায়িকা হওয়ার সুযোগ পেলেও হিন্দি সিনেমার অঙ্গনে ততটা গ্রহণযোগ্য করে তুলতে পারেননি নিজেকে। এরপর বেশ কিছুটা সময় বেকার থাকতে হয়েছে। যদিও পরবর্তীতে, ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে এক বিদেশি নারী সাংবাদিকের চরিত্রে তার পারফর্মেন্স অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। গত বছর নার্গিসকে আইটেম গার্ল হিসেবে ‘ফাটা পোস্টার নিকালা হিরো’ ছবিতে দেখা গেছে। এ ছবিতে শহিদ কাপুরের সঙ্গে আইটেম সং ‘ধাতিং নাট’-এ দুর্দান্ত পারফর্মেন্স করেছেন। এবার ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে ডন কন্যার ভূমিকায় নার্গিসকে দেখা যাবে। এ ছবিতে নিজেকে খোলামেলা ভঙ্গিতে ক্যামেরার সামনে তুলে ধরতে মোটেও কার্পণ্য করেননি নার্গিস ফখরি। জানা গেছে, নায়ক বরুণ ধাওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ প্রণয় দৃশ্যে রীতিমতো ওভার অ্যাক্টিং করেছেন যেহেতু এ ছবিতে তারই সমসাময়িক আরেকজন প্যারালাল নায়িকা ইলিয়ানা রয়েছেন। অন্যদিকে দক্ষিণী সিনেমায় প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া ২৬ বছর বয়সী ইলিয়ানা ‘বরফি’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করে সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে পুরস্কার ও খ্যাতি অর্জন করেছেন। তার অভিনয়ে যথেষ্ট সম্ভাবনার প্রকাশ রয়েছে। ‘বরফি’র পর ইলিয়ানার দ্বিতীয় ছবি ‘ফাটা পোস্টার নিকালা হিরো’ বক্স অফিসে তেমন সফলতা পায়নি। এ ছবিতে ইলিয়ানার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় না করলেও আইটেম গার্ল হিসেবে পারফর্ম করেছিলেন নার্গিস। বলিউডে পা রাখার পর নানাভাবে হৈচৈ তুললেও অভিনেত্রী হিসেবে শুরুতে তেমন চমক দেখাতে না পারায় নার্গিসের মধ্যে আক্ষেপ রয়েছে। যদিও ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে নিজের সক্ষমতা কিছুটা দেখাতে পেরেছেন। ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে নার্গিস ফখরির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ইলিয়ানাও বেশ গ্ল্যামারাস ইমেজে পর্দায় উপস্থিত হয়েছেন। ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে তারা দু’জন পরস্পরের মুখোমুখি হয়েছেন। দু’জনের চরিত্রে প্যারালাল হলেও ইলিয়ানই এ ছবির মূল নায়িকা। তার আশঙ্কা অভিনয়ে নার্গিস যদি তাকে টপকে যান তাহলে ছবিটি ভালো ব্যবসা করলেও ইলিয়ানার তেমন কোনো লাভ হবে না।