‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেটের সিনেমা মানেই একটু ব্যতিক্রমধর্মী কিছু। পাশাপাশি প্রতিটা ছবিতে কিছু চমক উপহার দেওয়াটাও যেন তার অভ্যাস। বরাবরের মতো আবারও এমন ব্যতিক্রমধর্মী ছবি ‘ডাইভারজেন্স’ নিয়ে পর্দায় এলেন এ জনপ্রিয় অভিনেত্রী। এ নিয়ে জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
আবারও নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘টাইটানিক’ খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। দর্শকরা ‘ডাইভারজেন্ট’ নামের নতুন একটি ছবিতে তাকে দেখতে পাবেন। লেখিকা ভেরোনিকা রথের বেস্ট সেলার উপন্যাস ‘ডাইভারজেন্ট’-এর কাহিনী অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। ছবিতে ৩৭ বছর বয়সী কেটকে উপন্যাসের জেনিন মেথিউসের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে উইন্সলেট বলেন, ‘আমার নতুন ছবিটি নিয়ে কোনো চিন্তা নেই। এটা অনেক ভালো একটা গল্প। সামনে আমার মেয়ের বয়স ১৩ হবে এবং আমার ছেলের বয়স ১০। ভেরেনিকা রোথসের লেখা বইটি আমার সন্তানরা শিগগিরই পড়বে। তাদের জন্য আমি কাজটি করেছি।’ তিনি আরও বলেছেন, ‘আমার মেয়ে দুইদিন আগে স্কুল থেকে এসে জানায় তার ক্লাসের বন্ধুরা জানতে চেয়েছে আমি ‘ডাইভারজেন্ট’ ছবিতে অভিনয় করছি কি না। আমি আমার মেয়ে চোখে মুখে আমার প্রতি এক ধরনের শ্রদ্ধা দেখতে পেয়েছি। আমি সবসময় আমার সন্তানের কাছে এমনটিই আশা করি।’ ছবিটি এ মাসে মুক্তি পেয়েছে। উপন্যাসে ভেরোনিকা পাঁচ স্তরে বিভক্ত সমাজে একজন ব্যক্তির যাপিত জীবনের নানা দিক তুলে ধরেন। ছবিটি ‘ডাইভারজেন্ট’-এর প্রথম খণ্ড অবলম্বনে নির্মিত। একজন মানুষ কিভাবে বেঁচে থাকে তা নিয়েই গড়ে উঠেছে ‘ডাইভারজেন্ট’ উপন্যাসের কাহিনী। সামিট এন্টারটেইনমেন্ট স্টুডিও জানিয়েছে কেট সিনেমাটিতে একজন শীতল চরিত্রের নারীর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাইলিন উডলি এবং নবাগত ব্রিটিশ অভিনেতা থিও জেমস। একজন ইংরেজ অভিনেত্রী। বিভিন্ন রকম চরিত্রে রূপদানের জন্য তিনি সুপরিচিত। বিশেষ করে কিছু চলচ্চিত্রে তার অভিনয়শৈলী সমালোচকদের দৃষ্টিতে সংবর্ধিত হয়েছে। যেমন—‘সেন্স অ্যান্ড সেন্সসিবিলিটি’-তে মারিয়ান ড্যাশউড, ‘টাইটানিক’ (১৯৯৭-এর চলচ্চিত্র)-এ রোজ ডুয়েটবুকেটর, ‘ইটারনাল সানশাইন অব দ্য ষ্পটলেস মাইন্ড’-এ ক্লিমেনটাইন ক্রুজিনস্কি, ‘লিটল চিলড্রেন’-এ সারাহ পিয়ারস, ‘রেভ্যুলশনারি রোড’-এ এপ্রিল হুইলার এবং ‘দ্য রিডার’-এ হ্যানা শিমিট্জ চরিত্রে অভিনয়ের জন্য। উইন্সলেটের জন্ম যুক্তরাজ্যের বার্কশায়ারের রিডিংয়ে। ‘ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ফর উইমেন’ নামের একটি চ্যারিটি ইভেন্টে অভিনেত্রী কেট উইন্সলেটকে আদর্শ নারী হিসেবে সম্মানিত করা হয়েছে। এই অনুষ্ঠানে আরও বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান অ্যানি লিনক্স, ট্র্যাসি এমিন, অ্যাডেলে, লেডি গাগা এবং এলিসিয়া কেস। অনুষ্ঠানে সংগীতশিল্পী অ্যানি লেনক্সকে তার সমাজসেবামূলক কাজের জন্য ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপর অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট এবং ব্রিটিশ শিল্পী ট্রেসি এমিনকে ‘মোস্ট ইন্সপিরেশনাল অ্যান্ড স্টাইলিশ উইমেন’-এর অ্যাওয়ার্ড দেওয়া হয়।
