এবার কমেডি সিনেমায় তারা

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৩
দেশীয় চলচ্চিত্রে যখন যে জোয়ার আসে ঠিক সেই জোয়ারেই তাল মেলানোর জন্য মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা। সিনেমা ব্যবসায়ীরা নিজের নিজের লগ্নি ফেরত পেতে কিংবা লাভের মুখ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন একই ঘরানার সিনেমা নির্মাণ করতে। দর্শকের রুচির কথা চিন্তা করেই নাকি তারা এসব সিনেমা উপহার দেন। কিন্তু ভেতরে ভেতরে দর্শকের কাছে সেসব সিনেমা রুচিহীন এবং একঘেয়ে হয়ে পড়ে—এমন ভাবনা কেউ করেন না। যখন পকেটের পয়সা ফেরত পেতে ভোগান্তি পোহাতে হয়, ঠিক তখনই কেবল নতুন হিসাব করেন লগ্নিকারকরা। ঢাকাই ছবির এমন রীতি দীর্ঘদিনের। তবে ঢাকাই সিনেমার দর্শক এখন আর আগের মতো বোকা নন। তারা এখন বাইরের দেশের সিনেমার সঙ্গে নিজেদের সিনেমাকে মেলাতে চান। ঘামে ভেজা শরীরে তিন ঘণ্টা তারা নিত্যনতুন কিছু দেখতে চান। আর সিনেমাপ্রেমী এসব দর্শকের রুচি বদলাতে শুরু থেকেই একের পর এক ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা উপহার দিয়ে যাচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কারিগরি দিক থেকেও তারা অনেক আধুনিকভাবে উপস্থাপন করছে দেশের চলচ্চিত্রকে। সিনেমার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে রোমান্টিক, অ্যাকশন ধারার সিনেমা নির্মাণের পর এবার তারা মিশনে নেমেছেন হারিয়ে যেতে বসা ‘কমেডি সিনেমা’ নিয়ে। আগামীকাল ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘দবির সাহেবের সংসার’। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাওয়া এ সিনেমাটি ট্রেইলার এরইমধ্যে ইউটিউব ও ফেসবুকে রীতিমতো আলোচনার সৃষ্টি করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন অসংখ্য রোমান্টিক সিনেমার সফল পরিচালক জাকির হোসেন রাজু। কিন্তু এবারই জীবনের প্রথম রোমান্টিক ঘরানা থেকে বেরিয়ে এসে কমেডি সিনেমা পরিচালনা করলেন। তাও আবার আংশিক নয়, পরিপূর্ণ কমেডি সিনেমা। শুধু কি তাই! এ সময়ের আলোচিত সফল জুটি বাপ্পি এবং মাহিরও প্রথম কমেডি সিনেমা ‘দবির সাহেবের সংসার’। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নবাগত নায়ক রোজ। নতুন এই সিনেমাটির চরিত্র নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘কেমন অভিজ্ঞতা—তা মুখে বলা অসম্ভব। সিনেমাটি করতে গিয়ে আমরা সবাই কেবল হো হো করে হেসে ফেলেছি। কাজেরও বিলম্ব হয়েছে অনেকটা। আমার অনেক বেশি প্রত্যাশা এই সিনেমাটি নিয়ে। আমার মনে হচ্ছে ‘দবির সাহেবের সংসার’ নতুনমাত্রার এক বিনোদন দেবে দর্শককে।’ নায়ক বাপ্পি বলেন, ‘ফুল কমেডি ফিল্ম ‘দবির সাহেবের সংসার’। শুধু গল্প কিংবা লোকেশন নয়, সিনেমার গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া।’ পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘আমি বাজি ধরে বলতে পারি এমন দর্শক পাওয়া যাবে না, যারা এই ছবি দেখে হাসবে না। দর্শক হাসতে বাধ্য থাকবে।’ এই সিনেমার মূল চরিত্র দবিরের চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ। সিনেমার গল্পে দেখা যাবে, দবির সাহেব একজন রিটায়ার্ড জাজ। যিনি রগচটা হওয়ার কারণে প্রতিদিনই তার অ্যাপার্টমেন্টে একের পর এক ঘটনার জন্ম দিয়ে যান। দবির সাহেব নামে একজন রিটায়ার্ড জজের পরিবারকে কেন্দ্র করে। দবির সাহেবের বাড়িতে গৃহকর্মীর চাকরি পায় কুদ্দুস, চুমকি ও আক্কাছ (মাহি, বাপ্পি এবং রোজ)। কুদ্দুস ও আক্কাছের চাকরির শর্ত হলো, একমাসের ভেতরে যে ভালো কাজ করবে তার চাকরি স্থায়ী হবে। আর যে খারাপ করবে তাকে চাকরি খোয়াতে হবে। তারা দুজনেই চুমকিকে ভালোবাসে। আর এসব ঘটনার মুখোমুখি হয়ে একের পর এক হাস্যরসাত্মক কর্মকাণ্ড করতে থাকেন দবির সাহেব। ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।’