৮ এপ্রিল ১৪তম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৪
দেশের প্রধান জাতীয় সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন বিভাগীয় সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৮ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেইম-এ। অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেএফবি’র প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, অফিসিয়াল ব্রডকাস্টার একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, পাওয়ার্ড বাই ইত্তেফাক হোল্ডিংস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং স্টাইল পার্টনার আল-হাসান ডায়মন্ড গ্যালারির চেয়ারম্যান মো. খবির উদ্দীন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পারসোনা’র ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ভাসাভী ফ্যাশন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান। সভাপতিত্ব করবেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সিজেএফবি’র উপদেষ্টা অনুরূপ আইচ এবং এমএস রানা। স্বাগত বক্তব্য রাখবেন সদস্য সচিব তামিম হাসান। সিজেএফবি বাংলাদেশের পারফর্মিং মিডিয়ায় বিশেষ অবদানের জন্য দেশ সেরা শিল্পী তারকাদের মাঝে পুরস্কার বিতরণ করে আসছে বিগত ১৩ বছর যাবত। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়া থেকে চলতি আসরে ৩টি করে মনোনয়ন পেয়েছেন মোট ৪৫ জন। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন টেলিভিশন মিডিয়ার অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ইউরো-সিজেএফবি বিশেষ সম্মাননা থাকছে আরও তিনটি বিভাগে। পুরস্কার বিতরণীর পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করবেন দেশ সেরা তারকারা।