সিলেটে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৭
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান চৌধুরী ও সিলেট জেলা বারের সভাপতি রুহুল আনাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। জয়ীতা চক্রবর্তীর উপস্থাপনায় নৃত্য প্রশিক্ষক বিপুল শর্মার পরিচালনায় ও একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় নৃত্যালেখ্য পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বটি শুরু হয়। তারপর একে একে হিমাংশু বিশ্বাস ও অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় দলীয় সংগীত, জ্যোতি ভট্টাচার্যের পরিচালনায় আবৃত্তি ও নীলাঞ্জনা দাশ যুঁইয়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করে একাডেমির প্রশিক্ষণার্থীরা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বিদ্যালয় ও শ্রুতি সিলেট তাদের দলীয় পরিবেশনা পরিবেশন করে। বিশিষ্ট সংগীতশিল্পী অনিমেষ বিজয় চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান একক সংগীত পরিবেশনা মাতিয়ে রাখে দর্শকদের। পাশাপাশি একইদিন মুক্তাক্ষর এ দিবসটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে। ইলেট্রিক সাপ্লাই রোডস্থ মেট্রোপলিটন ল’কলেজে আবৃত্তির আয়োজন করে তারা। নুরুল আমিনের সভাপতিত্বে ও তুলি পাল এবং দিপীকা দেব মৌয়ের যৌথ পরিচালনায় আবৃত্তিতে অংশগ্রহণ করেন প্রিয়াশ্রী পিউ, পুনম কর পূজা, স্নেহা আচার্য মেঘা, রিতু দেব অর্পা, প্লাবন ধর শুভ, দিবা, আদনীন, বুশরা প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নুরুল আমিন বলেন, ‘এ মহান দিনে দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশ-বিদেশে বসবাসরত সকল নাগরিককে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাই। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।’ এই অর্জনকে অর্থপূর্ণ করতে পরিচালক বিমল কর কবি কামাল চৌধুরীর ‘মার্চ’ এবং আসলাম সানীর ‘বাংলাদেশ’ সদ্য প্রকাশিত দুইটি কবিতা মুক্তাক্ষরের শিক্ষার্থীদের মাঝে কম্পোজিশন করে দেন।