রাবিতে নানা আয়োজনে বিশ্বনাট্য দিবস উদযাপন

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৫৮
‘যেখানেই আছে মানব সমাজের অস্তিত্ব সেখানেই ফুটে ওঠে অদম্য দৃশ্যকলাশিল্প ভাবনার প্রকাশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন কাগজের বিমান উড়িয়ে বিশ্বনাট্য দিবসের উদ্বোধন করেন ও শোভাযাত্রায় অংশ নেন। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসজুড়ে তিনটি নাটক প্রদর্শন করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। এরমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাটক চণ্ডালিকা, মুনীর চৌধুরী মর্মান্তিক, দ্বিজেন্দ্রলাল রায়ের ‘শাহজাহান’ মঞ্চায়ন করা হয়। এ ছাড়াও লাঠিখেলা ও মাইম (মুকাভিনয়) প্রদর্শন করেন বিভাগের শিক্ষার্থীরা। সন্ধ্যায় বিভাগের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আড্ডার আয়োজন করে বিভাগটি। এখানে সবাই বাংলাদেশের বর্তমান সংস্কৃতি চর্চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অবস্থান নিয়ে মুক্ত আলোচনা করে। এরপর নাচ, গান, আবৃত্তি ও ফানুস উড়িয়ে শেষ করে দিনব্যাপী বিশ্ব নাট্য দিবসের নানা আয়োজন।