বাংলাদেশী পণ্যের প্রদর্শনীর জন্য দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চার দিনব্যাপী ট্রেড শো আয়োজন করেছে ব্র্যান্ডিং বাংলাদেশ। আগামী ৩ থেকে ৬ জুন এ মেলায় বাংলাদেশী পণ্য ও সেবার প্রদর্শনী করা হবে। ব্র্যান্ডিং বাংলাদেশের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্র্য্যান্ডিং বাংলাদেশের এমডি মোহাম্মদ জাহিদ হোসাইন।
তিনি বলেন, এ মেলার উদ্দেশ্য হলো দেশের পোশাক, হস্তশিল্প, সিরামিক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্যসহ সব ধরনের রপ্তানি পণ্যের নতুন বাজার সৃষ্টি করা। মেলায় দক্ষিণ আফ্রিকার উদ্যোক্তা, ভোক্তা, শিল্পপতি এবং বিভিন্ন শপের মালিকরা আসবেন। মেলায় বাংলাদেশের যে কোনো রপ্তানিকারক তাদের পণ্য প্রদর্শন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট এস এম কান্নান কচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকান ডেস্কের ডিজি নূর এ হেলাল এবং ব্র্যান্ডিং বাংলাদেশের অ্যাডভাইজার সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে।
