থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন নিহত এবং অপর চারজন আহত হয়েছে। মঙ্গলবার এক চিকিত্সাকর্মী রয়টার্সকে বলেন, তাদের হাসপাতালে আহত তিন বিক্ষোভকারীকে আনা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ একজন পরে মারা গেছে। কারা সহিংসতা শুরু করেছে তা স্পষ্ট করা যায়নি। গত নভেম্বর থেকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ ও নতুন নির্বাচন দাবিতে রাজপথে চলা বিক্ষোভে এপর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়।
ওদিকে, সমপ্রতি অনুষ্ঠিত হওয়া সিনেট নির্বাচনের প্রাথমিক ফলে ক্ষমতাসীন পিউ থাই পার্টি এগিয়ে আছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ফলে দেশটির দুর্নীতি দমন কমিশনের অভিযোগের মুখে থাকা প্রধানমন্ত্রী ইংলাকের পদচ্যুতির আশঙ্কা কমে গেলো।
রাষ্ট্রীয়ভাবে চাল ক্রয় সংক্রান্ত একটি প্রকল্পে সরকারের দায়িত্বে অবহেলার কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে কমিশনে ইংলাকের বিরুদ্ধে মামলা চলছে। কমিশনের সুপারিশ ও সিনেটের তিন পঞ্চমাংশ সদস্যের ভোটে প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতির আশঙ্কা রয়েছে। থাইল্যান্ডের ১৫০ আসনের সিনেটে ৭৭ জন নির্বাচিত সদস্য থাকেন। সরকারের নিয়োগ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে বাকি ৭৩ জনকে নেয়া হয়। সোমবার পিউ থাই পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ফলাফল প্রকাশিত হয়।
