নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:১০
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন সাধারণ জনগণ এবং বাকী ছয়জন হামলাকারী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, মঙ্গলবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগুরি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এ হামলার জন্য ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঐ মুখপাত্র ব্রিগ জেন ক্রিস সাংবাদিকদের বলেন, জঙ্গিরা বর্নো স্টেটের একটি চেক পয়েন্টের কাছে বোমার সাহায্যে কয়েকটি গাড়ি উড়িয়ে দেয়ার চেষ্টা করছিল। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রতিরোধের চেষ্টা করলে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। জঙ্গিরা চারটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপোস্ট দিয়ে পার হওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রথম তিনটি গাড়ির চালককে গুলি করে কিন্তু চতুর্থ গাড়িতে থাকা জঙ্গিরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর আগের দিন সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এ বছর বোকো হারাম ও নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ১৫ শ’র বেশি মানুষ মারা গেছে। যার অর্ধেকই সাধারণ মানুষ। এ ধরনের সংঘর্ষের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয়পক্ষকেই দায়ী করেছে।