স্ট্রবেরী চাষ হচ্ছে জয়পুরহাটে

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৬
জেলা সদরের জামালপুর গ্রামের শিক্ষিত চার বন্ধু আব্দুল ওয়াদুদ, আবদুল হামিদ, ফারুখ হোসেন বাবু ও রবিউল ইসলাম। বুক ভরা অনেক স্বপ্ন নিয়ে ওরা চার বন্ধু মিলে প্রায় ১০ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করছেন স্ট্রবেরী। স্ট্রবেরী চাষের উপযোগী মাটি আর আবহাওয়া কাজে লাগিয়ে জেলায় এর চাষ বৃদ্ধির মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি এখানকার উত্পাদিত স্ট্রবেরী দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব বলেও মনে করছেন তারা। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের কৃষক আব্দুল খালেক বছরে তিন বিঘা জমিতে পরীক্ষামূলক স্ট্রবেরী চাষ করে। তিনি স্ট্রবেরী চাষ করে সুফল পেয়েছেন এবং আর্থিক ভাবে লাভবান হয়েছেন। কৃষক আব্দুল খালেকের সফলতা দেখে চলতি বছর বিদেশি ফল স্ট্রবেরী চাষ করে সুফল পেতে শুরু করেছে এই বেকার শিক্ষিত চার যুবক। এলাকায় এর চাষ বৃদ্ধির করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাজার ব্যবস্থাপনা সৃষ্টির মাধ্যমে স্ট্রবেরী চাষে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব বলে মনে করেন এই যুবকেরা। পাশাপাশি এই স্ট্রবেরী চাষী যুবকদের সাফল্য দেখে স্ট্রবেরী চাষে ঝুঁকছেন অন্যরাও। ওরা জানায়, এরই মধ্যে বিনিয়োগের টাকা ঘরে তুলেও তারা লাভে আছেন প্রায় ২ লাখ টাকা। আর পুরো মৌসুমে লাভ হবে আরো দেড় লাখ টাকা বলেও তারা আশা করছেন। এই চার বন্ধুর এমন ঈর্ষণীয় সাফল্যে এলাকার অনেকে ঝুঁকে পড়েছেন চাষে। পার্শ্ববর্তী জয়পুরহাট সদরের দেওয়ান পাড়া এলাকার কৃষক আব্দুস সামাদ, ছোটন, জামালগঞ্জ বাজারের আবু সায়েম, রানাসহ এলাকার অনেকেই জানান, আগামীতে স্ট্রবেরী চাষের সব প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। ওই চার বন্ধুর পরামর্শসহ চারা পাবার আশ্বাসও মেলেছে। জেলা কৃষি বিভাগ জানায়, আবহাওয়া স্ট্রবেরী চাষের বেশ উপযোগী। তাছাড়া অধিক লাভজনক আর দেশ-বিদেশে প্রচুর চাহিদা থাকায় ওই চার বন্ধুর স্ট্রবেরীর চাষের সাফল্য দেখে এ জেলায় এবার ২২ বিঘা জমিতে স্ট্রবেরী চাষ করছেন উদ্বুদ্ধ কৃষকরা। এর চাষ সমপ্রসারণে উদ্যোগ নেয়া হয়েছে বলেও দাবি কৃষি বিভাগের। জয়পুরহাট কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলী মন্ডল জানান, জয়পুরহাটের স্ট্রবেরী এক দিন দেশে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।