বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৯
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, রংপুরের কাউনিয়া, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে মানুষ, গবাদি পশু, বসতঘর, দোকান ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নবীনগরে বসতবাড়ি ও দোকান পুড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। এলাকাবাসী দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, পৌর এলাকার আইনজীবীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। কাউনিয়ায় মানুষ ও ৩টি গরু অগ্নিদগ্ধ রংপুর জেলার কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের ময়নারদীঘি এলাকায় গত মঙ্গলবার রাতে আনছার আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে আনছার আলীসহ তিনটি গরু পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আনছার আলীর ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুনে ঘুমন্ত আনছার আলীসহ ১টি টিনের ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ধান চাল ও ৩টি গরু পুড়ে যায়। মেহেরপুর ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র বড় বাজারে গত বুধবার সকালে জ্যোত্স্না ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দীপু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৪০ বাড়ি ভস্মীভূত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সীগঞ্জ ভাঙ্গাপাড়া ও দাসপাড়া গ্রামে গত মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বাড়ির ৭০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ভেড়ামারা ফায়ার সর্ভিস এবং এলাকাবাসী জানান, সাবুর বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে ডাক্তার জামাল, নজেরা খাতুন, লালন, সাহাজুল, সিরাজুল, জিয়ারুল, শ্রী প্রকাশ, শ্রী সুভাস, শ্রী প্রভাস, ইদ্রিস, শ্রী জৈগুস, রিপন, নমাজ আলী, বিল্লাল হোসেন, লাল্টু, শুভরাজ, আতাহার, আজগর, আজিজুল, কাদের ও কালুর বাড়িসহ ৪০টি বাড়ি পুড়ে যায়। উলিপুরে বসতঘরে অগ্নিকাণ্ড কুড়িগ্রামের উলিপুরের চরবজরা গ্রামে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে টিনশেড ঘর, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে।