বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টাবারি’র যৌথ আয়োজনে বুধবার জাতীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলি চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কা মো মোজাম্মেল হক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং আইইআর’র সহকারী অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান বক্তা, অটিজম বিশেষজ্ঞ, ডঃ ডিন সাদারল্যান্ড, ইউনিভার্সিটি অব ক্যান্টাবারি। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাবির প্রো-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. নাসরিন হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, প্রতিবন্ধিতা বিশেষজ্ঞ অধ্যাপক ড. শারমিন হক, অধ্যাপক ড. দীবা হুসাইন। অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার ছিল অ্যানেক্স কমিনিউকেশন লিমিটেড।
বক্তারা সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্তরের একাডেমিক/ মৌলিক গবেষণায় প্রাপ্ত ফলাফল পর্যালোচনাপূর্বক ‘অটিজম ও প্রতিবন্ধিতা’ বিষয়টি অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক গঠনবাদ তত্ত্বের আলোকে সমাজ সচেতনতার উপi গুরুত্ব প্রদান করছে। অটিজম বিষয়ে দেশে প্রচলিত ভ্রান্ত জ্ঞান ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে সঠিক তথ্য তুলে ধরার উদ্দেশ্যে সামাজিক সচেতনতাবোধের প্রতি গুরুত্বারোপ করেছেন।
