দেশের ৬৪ জেলাই এখন গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের আওতায়। মোবাইল অপারেটর গ্রামীণফোন গত বছরের সেপ্টেম্বরে এ বছরের এপ্রিলের মধ্যেই দেশের সবজেলা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার এক মাস আগেই মার্চের মধ্যে ৬৪ জেলায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে গ্রামীণফোন।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ এই ঘোষণা দেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর জিপি হাউজে থ্রিজি সেবার উদ্বোধন করেছিলেন তত্কালীন টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। বিবেক সুদ বলেন, কথা দিয়েছিলাম এপ্রিলের মধ্যে সব জেলায় থ্রিজি সেবা পৌঁছে দেব। তার এক মাস আগেই সেই ওয়াদা আমরা পূরণ করেছি। সাংবাদিক সম্মেলনে কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান মাহমুদ হোসাইন, চিফ টেকনোলজি অফিসার তানভীর মোহাম্মদ, হেড অব কর্পোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, ঘোষণা অনুযায়ী দেশের বৃহত্ মোবাইল অপারেটর গ্রামীণফোন সব বিভাগীয় শহরে গত বছরের ডিসেম্বর মাসের মধ্যে গ্রাহকদের থ্রিজি সেবা পৌঁছে দেয়।
চিফ টেকনোলজি অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ঢাকা ও চট্টগ্রামে থ্রিজি চালু করার পরের মাসেই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দারা থ্রিজি সেবার আওতায় আসেন। এভাবে একে একে ৬৪ জেলায় পৌঁছে যায় গ্রামীণফোনের থ্রিজি।
